spot_img

সেলফিটা বাঁধিয়ে গলার মধ্যে ঝুলিয়ে ঘুরে বেড়ান : মির্জা ফখরুল

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সেলফিটা বাঁধিয়ে গলার মধ্যে ঝুলিয়ে ঘুরে বেড়াতে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে পরামর্শ দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, আমি এই বিষয়ে বলতাম না, আপনারা (সাংবাদিক) প্রসঙ্গ নিয়ে এসেছেন। এই জাতির বড় দুর্ভাগ্য কী জানেন? আমরা বেসিক জায়গায় কেউ-ই যাই না। আমরা সেলফির মতো ইস্যুতে যাই। ওবায়দুল কাদের সাহেব নাকি বলেছেন, ফখরুল এখন কী বলবেন? আমি বলি… আমার পরামর্শটা নেবেন, সেলফিটা বাঁধিয়ে গলার মধ্যে ঝুলিয়ে ঘুরে বেড়ান। এটি আপনাদের সাহায্য করবে। জনগণকে বুঝাতে চেষ্টা করবেন, আমেরিকা আমাদের সাথে আছে।

সাবেক অর্থমন্ত্রী এম সাইফুর রহমানের ১৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে রোববার (১০ সেপ্টেম্বর) দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে আয়োজিত স্মরণসভায় এ কথা বলেন তিনি।

তিনি আরও বলেন, দেউলিয়া হয়ে গেছে বলেই বাইডেনের সঙ্গে সেলফি তুলে ঢোল পেটাচ্ছে। ভোটটা ঠিকমতো না করলে কোনও সেলফিই রক্ষা করতে পারবে না। সেলফির জন্য র‍্যাবের ওপর থেকে নিষেধাজ্ঞা কিংবা ভিসানীতি উঠে যায়নি।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ