spot_img
spot_img

মাথা নিচু করে নয়, ভারতের সঙ্গে কথা হবে চোখে চোখ রেখে : আসিফ মাহমুদ

মাথা নিচু করে নয়, ভারতের সঙ্গে কথা হবে চোখে চোখ রেখে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

তিনি বলেন, হাসিনা সরকারের প্রতি জনগণের ম্যান্ডেন্ট ছিল না। যে কারণে ওরা বিদেশি রাষ্ট্রের প্রতিনিধিদের সামনে মাথা নিচু করে থাকত। একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে ভারতের সঙ্গে কথা হবে চোখে চোখ রেখে, মাথা নিচু করে নয়। কথা হবে মাথা উঁচু করে। ভারত এতদিন একটি দলের সঙ্গে কথা বলেছে। কিন্তু এখন আর তা হবে না। এ দেশের জনগণ পররাষ্ট্রের নীতির ক্ষেত্রে যে সিদ্ধান্ত নেবে সেটি রাষ্ট্র বাস্তবায়ন করবে।

মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) বিকেলে কুমিল্লা টাউনহল মাঠে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আয়োজনে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আসিফ মাহমুদ বলেন, অন্য দলগুলোকে মনে রাখতে হবে, ক্ষমতায় গিয়ে ঠিক মতো রাষ্ট্র চালাতে না পারলে ওদের মতো পরিণতি হবে। বাংলাদেশের মানুষ বেশি কিছু চায় না। মানুষ স্বাধীনভাবে তাদের মতপ্রকাশ করতে চায়, বিলাসিতা নয়। যে মৌলিক অধিকার রয়েছে, সেগুলো নিশ্চিত হয়ে সুখে-শান্তিতে বসবাস করতে চায়। কিন্তু আওয়ামী ফ্যাসিবাদের শাসনের যাত্রার ফলে আমরা এমনভাবে পিষ্ট হয়েছি, ফেসবুকে একটি পোস্ট দিতে গেলেও ১০ বার ভাবা লাগত। গান গেয়ে, কবিতা লিখে অনেককে জেল খাটতে হয়েছে। আজ আমরা অন্তত এতটুকু স্বস্তিতে আছি। এখন আমরা স্বাধীনভাবে কথা বলতে পারছি।

এ সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আব্দুল কাদের, আবু বাকের মজুমদার, সুমাইয়া আক্তার, হামযা মাহবুব, জিয়া উদ্দিন আয়ান, আলী আহমেদ আরাফ, আবু রায়হান, তাছনিয়া নাওরিনসহ অন্যরা উপস্থিত ছিলেন।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ