মাহবুবুল মান্নান
বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি কক্সবাজার জেলার দাওয়াহ সম্পাদক, বিদগ্ধ ইসলামী আলোচক মাওলানা ইজাজুল করিম শফী বলেছেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলােইহি ওয়া সাল্লাম- এর সর্বশ্রেষ্ঠতম আদর্শ ও উৎকৃষ্টতম দাওয়াতী কর্মপন্থার ফলশ্রুতিতে মানুষেরা দলে দলে ইসলামের সুশীতল ছায়াতলে আশ্রয় গ্রহন করেন। সেই সমুন্নত আদর্শিক দাওয়াতী পন্থা অবলম্বন করে ইসলামের চিরন্তন সৌন্দর্য বিশ্বময় ছড়িয়ে দিতে হবে। আর দাওয়াতে দ্বীনের এই সুমহান দায়িত্ব পালনের ক্ষেত্রে ইসলামী ছাত্রসমাজ নেতা-কর্মীদের নবভী আদর্শের আলোকে নিজেদের আলোকিত করে প্রকৃত দাঈর ভূমিকা পালন করতে হবে।
রোববার ( ৯ অক্টোবর) বিকেলে কক্সবাজার জেলার রামু উপজেলার রাজারকুল সুলতান আহমদ ইসলামিক সেন্টার মিলনায়তনে আয়োজিত “সীরাতুন্নবী সাল্লাল্লাহু আলােইহি ওয়া সাল্লাম” সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সেমিনারে প্রধান আলোচক ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রসমাজের কেন্দ্রীয় সিনিয়র সহ-সভাপতি, লেখক ও সাংবাদিক হাফেজ মুহাম্মদ আবুল মঞ্জুর।
তিনি বলেন, আল্লাহ তা’আলা বিশ্ববাসীর জন্য রহমত স্বরূপ সর্বশেষ ও শ্রেষ্ঠ নবী- রাসুল হিসেবে হযরত মুহাম্মদ স. কে প্রেরণ করেন। রাসুলে কারীম স. এর সমুন্নত, শাশ্বত মানবিক, আদর্শিক মিশনের ফলে দূরীভূত হয় শিরক, পৌত্তলিকতাসহ যাবতীয় কুসংস্কার। অবসান ঘটে অন্যায়-অত্যাচার, অশান্তি ও অমানবিকতার। স্থাপিত হয় মানবিক মূল্যবোধ ও সাম্প্রাদায়িক সম্প্রীতির প্রোজ্জ্বল দৃষ্টান্ত।
রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম- এর এমন সর্বোৎকৃষ্টতম জীবনাদর্শের যথার্থ অনুসরণের মধ্যেই দুনিয়া-আখিরাত উভয় জাহানে মানবজাতির চিরমুক্তি ও শাশ্বত কল্যাণ নিহিত। তাই সর্বোচ্চ আত্মত্যাগ শিকার করে হলেও জীবনের সর্বক্ষেত্রে-সর্বাবস্থায় নবীজী স. এর জীবনাদর্শের পূর্ণাঙ্গ অনুসরণ করা এবং মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম- এর শাশ্বত আদর্শের আলোয় শান্তিপূর্ণ সমাজবিনির্মাণে নিবেদিত থাকা ঈমানের দাবি।
ইসলামী ছাত্রসমাজ রামু উপজেলা সাধারণ সম্পাদক মুহাম্মদ অলি উল্লাহ আরজুর সঞ্চালনায় অনুষ্ঠিত সেমিনারে বিশেষ বক্তা ছিলেন, কক্সবাজার জেলা সভাপতি হাফেজ শওকত আলী, সাধারণ সম্পাদক মুহাম্মদ দিদারুল আলম।
উপজেলা সভাপতি মুহাম্মদ আব্দুল করিমের সভাপতিত্বে সেমিনারে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রামু উপজেলা নেজামে ইসলাম পার্টির নবনির্বাচিত যুব বিষয়ক সম্পাদক, কবি শফিকুল ইসলাম। অন্যান্যদের মধ্যে আলোচনায় অংশ নেন, রামু উপজেলা ইসলামী ছাত্রসমাজের অর্থ সম্পাদক আব্দুল্লাহ হোসাইনী, তরুণ শিক্ষক আব্দুল মান্নান, রাজারকুল ইউনিয়ন সাধারণ সম্পাদক সিরাজুল মোস্তফা, ছাত্রনেতা মুহাম্মদ তাওহিদ প্রমুখ।











