spot_img
spot_img

সরকারের দুর্বলতায় আওয়ামী সন্ত্রাসীদের সহিংসতা বেড়েছে: নাহিদ ইসলাম

সরকারের দুর্বলতার সুযোগে আবারও সাধারণ মানুষ ফ্যাসিস্ট আওয়ামী সন্ত্রাসীদের বর্বরতার শিকার হচ্ছেন বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও সংসদ সদস্য নাহিদ ইসলাম।

তিনি বলেন, খুনের নেশায় উন্মত্ত এই সন্ত্রাসী গোষ্ঠীকে নিয়ন্ত্রণে বর্তমান সরকার সর্বতোভাবে ব্যর্থ হয়েছে।

মঙ্গলবার (১০ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে দেশের চলমান আইনশৃঙ্খলা পরিস্থিতি, ধারাবাহিক সহিংসতা ও সরকারের ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করে এসব কথা বলেন তিনি।

নাহিদ ইসলাম বলেন, সম্প্রতি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক ও জাতীয় ছাত্রশক্তির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি হাসিব আল ইসলামের ওপর মৌলভীবাজারে চাপাতি দিয়ে গুপ্ত হামলা চালিয়েছে ফ্যাসিস্ট সন্ত্রাসীরা। এ ছাড়া ফরিদপুরে বাসে আগুন দিয়ে ভেতরে ঘুমিয়ে থাকা এক নিরীহ বাসচালককে পুড়িয়ে হত্যা করা হয়েছে। অন্যদিকে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদে ককটেল বিস্ফোরণে বেশ কয়েকজন গুরুতর আহত হয়েছেন।

তিনি বলেন, নিষিদ্ধ এই গোষ্ঠীর ধারাবাহিক জঙ্গি কর্মকাণ্ড ঠেকাতে সরকারের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো কার্যকর পদক্ষেপ এখনো দৃশ্যমান নয়।

সরকারের বিচারহীনতার সংস্কৃতির সমালোচনা করে এনসিপির আহ্বায়ক বলেন, ক্ষমতা গ্রহণের পর থেকেই গণহত্যার বিচার নিয়ে সরকার সর্বোচ্চ উদাসীনতার পরিচয় দিয়ে আসছে। জুলাইয়ের চিহ্নিত খুনি ও সন্ত্রাসীদের একের পর এক জামিন দেওয়া হয়েছে।

কূটনৈতিক ব্যর্থতার প্রসঙ্গ তুলে তিনি আরও বলেন, আশ্রয়দাতা ভারতের বিরুদ্ধে কার্যকর কূটনৈতিক পদক্ষেপ নিতেও সরকার শুরু থেকেই ব্যর্থ হয়েছে। জুলাইয়ের গণহত্যাকারী এবং শহীদ ওসমান হাদীর খুনিদের দেশে ফিরিয়ে আনতে প্রত্যর্পণের ক্ষেত্রেও কোনো দৃশ্যমান অগ্রগতি নেই। উল্টো ভারতের মাটিকে ব্যবহার করে বাংলাদেশে ধারাবাহিক নৈরাজ্য সৃষ্টির চেষ্টা চালানো হচ্ছে।

হুঁশিয়ারি দিয়ে নাহিদ ইসলাম বলেন, কোনো সন্ত্রাসী অপশক্তির কাছে বাংলাদেশের আপামর জনতা কখনোই পরাজিত হবে না। সারাদেশে ছড়িয়ে থাকা সব সন্ত্রাসীকে অবিলম্বে গ্রেপ্তার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির মুখোমুখি করার জোর দাবি জানান তিনি।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ