করোনা উপসর্গে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে এক তরুণীর মৃত্যু হয়েছে। চিকিৎসাধীন অবস্থায় সোমবার (১০ জানুয়ারি) দিবাগত রাতে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে তার মৃত্যু হয়। মারা যাওয়া ওই তরুণী চাঁপাইনবাবগঞ্জ জেলার বাসিন্দা।
মঙ্গলবার (১১ ডিসেম্বর) সকাল ৯টার মধ্যে এর বাইরে করোনা ইউনিটে আর কোনো প্রাণহানির খবর নেই। রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, ২৪ ঘণ্টায় রামেক হাসপাতালে করোনা সংক্রমণে কোনো রোগী মারা যাননি। তবে করোনা সংক্রমণের উপসর্গ নিয়ে হাসপাতালের আইসিইউতে এক তরুণী মারা গেছে। তার বয়স ১১ থেকে ২০ বছরের মধ্যে। স্বাস্থ্যবিধি মেনে মরদেহ দাফনের পরামর্শ দেওয়া হয়েছে।
এদিকে ১০৪ শয্যার রামেক করোনা ইউনিটে মঙ্গলবার সকাল ৯টা পর্যন্ত রোগী ভর্তি ছিলেন ২৬ জন। এক দিন আগেও এই সংখ্যা ছিল ২৭ জন। বর্তমানে রাজশাহীর ১৫ জন, চাঁপাইনবাবগঞ্জের ৩ জন, নওগাঁর ২ জন, নাটোরের ২ জন, পাবনার ৩ জন এবং কুষ্টিয়ার একজন রোগী হাসপাতালে ভর্তি রয়েছেন।










