তথ্যমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বিএনপির উদ্দেশ্যে বলেছেন, দয়া করে সরকারকে আর ধাক্কা দেওয়ার চেষ্টা করবেন না। ১০ ডিসেম্বর বিএনপির কোমর ভেঙেছে, আবার ধাক্কা দেওয়ার চেষ্টা করলে পা ভেঙে যাবে।
বুধবার (১১ জানুয়ারি) বিকালে রাজধানীর মিরপুরে শাহ আলী ঈদগাহ ময়দানে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ আয়োজিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন তিনি।
তথ্যমন্ত্রী বলেন, আজ বঙ্গবন্ধু কন্যার নেতৃত্বে বাংলাদেশ বঙ্গবন্ধুর স্বপ্নপূরণের পথে অদ্যম গতিতে এগিয়ে চলেছে। ক’দিন আগে আইএমএফ (আন্তর্জাতিক অর্থ তহবিল) রিপোর্ট দিয়েছে- বাংলাদেশের অর্থনীতি এখন পৃথিবীর ৩৫ তম। আমরা যখন ২০০৯ সালে সরকার গঠন করেছিলাম, দেশ ছিল ৬০ তম। আমরা গত ১৪ বছরে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে মালয়েশিয়া, সিঙ্গাপুরসহ অনেক দেশকে এবং পাকিস্তানকে বহু আগেই পেছনে ফেলেছি।
তিনি বলেন, এ উন্নয়ন বিএনপি-খালেদা জিয়া-মির্জা ফখরুল সাহেবদের পছন্দ হয় না। তাই যে সরকার, যে নেত্রী আজকে উন্নয়নের চাকাকে ধাবমান চাকায় পরিণত করে উন্নয়নের মহাসড়কে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে, সেই সরকারকে তারা ধাক্কা দিয়ে ফেলে দিতে চায়। তারা ১০ ডিসেম্বর ধাক্কা দিতে চেয়েছিল, কিন্তু আওয়ামী লীগ কোনো ধাক্কায় পড়ে যাওয়ার দল নয়, বরং যে ধাক্কা দেয় সে-ই পড়ে যায়। ১০ তারিখ সেটিই প্রমাণ হয়েছে।
ড. হাছান মাহমুদ বলেন, ১০ ডিসেম্বর আমাদের ধাক্কা দিতে গিয়ে বিএনপি পড়ে গিয়ে নয়াপল্টন থেকে গরুর হাটে চলে গেছে। আজকে সুর পাল্টেছে উল্লেখ করে তিনি বলেন, আজকে মির্জা আব্বাস বক্তব্য রেখেছেন, আমরা কোনো সরকারকে ধাক্কা দিয়ে ফেলে দিতে চাই না। অর্থাৎ ধাক্কা দেওয়ার চেষ্টা করে বুঝতে পেরেছে ১০ ডিসেম্বর তাদের কোমর ভেঙে গেছে। সুতরাং এখন লাইনে এসেছে, বলে- ‘আমরা সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে সরকারকে বিদায় দেবো।’
তিনি বলেন, বিএনপি এখন কর্মসূচি দিয়েছে ১৬ তারিখ না কি তারা গণমিছিল করবে। আমরা রাজপথে নেমেছি, আমরা রাজপথ ছাড়ব না, আমরা রাজপথে থাকব। কারণ এই রাজপথেই জন্ম আওয়ামী লীগের। আর বিএনপির জন্ম ক্যান্টমেন্টের মধ্যে, ষড়যন্ত্রের মাধ্যমে। রাজপথ আর কাউকে দখলে নিতে দিব না।











