বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, এই সরকার থাকলে সার্চ কমিটি তাদের হবে। এই সার্চ কমিটিকে শেখ হাসিনা বা সরকার যাদের নাম দেবে তারাই নির্বাচন কমিশন হবে। এটাতে অংশগ্রহণ করা ও এটা নিয়ে মাথা ঘামানো আমরা মনে করি অর্থহীন। এটা হচ্ছে ক্ষমতায় টিকে থাকার সরকারের আরেকটি নাটক। এটা সরকারের আরেকটা চুরির, ডাকাতির নির্বাচন করার জন্য।
শুক্রবার (১১ ফেব্রুয়ারি) জাতীয় প্রেসক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে নির্দলীয় ও নিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় সংসদ নির্বাচনের দাবিতে ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি) আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
ড. মোশাররফ বলেন, এই সরকারের অধীনে ভবিষ্যতে আর কোনও নির্বাচন হতে পারে না। বিশ দলীয় জোট আগেই জানিয়েছে শেখ হাসিনার অধীনে কোনও নির্বাচনে যাবে না। শেখ হাসিনার অধীনে বিগত দুটি নির্বাচন প্রমাণিত—যেখানে সুষ্ঠু নির্বাচন হয় না, জনগণ ভোট দিতে পারে না, সেই নির্বাচনের কোনও অর্থ হয় না।
তিনি বলেন, কিছুদিন পূর্বে রাষ্ট্রপতি সংলাপের নামে একটি নাটক করলেন। আমরা আগেও বলছি এটা একটা নাটক ছিলো। কেননা সরকার দেশের জনগণকে আবার ধোঁকা দেওয়ার জন্য একটি আইন করেছে।
বিএনপির এ নেতা বলেন, সামনে ডাক আসছে। যার যার অবস্থান থেকে একই ইস্যুতে আমরা আন্দোলন করবো। গণঅভ্যুত্থানের মাধ্যমে এই সরকারকে বিদায় নিতে বাধ্য করবো।










