spot_img

সিরিয়ায় ইসরাইলি অনুপ্রবেশ বন্ধের আহ্বান জাতিসংঘের

সিরিয়ার ভূখণ্ডে ইসরাইলি বাহিনীর সামরিক অনুপ্রবেশ অবিলম্বে বন্ধের আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস।

তিনি বলেছেন, সিরিয়ার সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতার প্রতি অবশ্যই পূর্ণ সম্মান প্রদর্শন করতে হবে।

নিজের অফিশিয়াল এক্স হ্যান্ডেলে দেওয়া এক বিবৃতিতে গুতেরেস বলেন, ‘১৯৭৪ সালের বলপ্রয়োগ নিরসন চুক্তি লঙ্ঘন করছে ইসরাইল। ইসরাইলের এ ধরনের লঙ্ঘন পুরোপুরি গ্রহণযোগ্য নয় এবং এটি অবশ্যই বন্ধ হতে হবে।’

১৯৭৩ সালের যুদ্ধের পর সিরিয়া ও ইসরাইলের মধ্যে চুক্তিটি স্বাক্ষরিত হয়েছিল।

গুতেরেস আরও বলেন, সিরিয়ার সার্বভৌমত্ব, স্বাধীনতা, ঐক্য ও ভৌগোলিক অখণ্ডতাকে পূর্ণ গুরুত্ব ও সম্মান দিতে হবে।

বর্তমানে ১৭ বছরের মধ্যে প্রথম কোনো জাতিসংঘ মহাসচিব হিসেবে সিরিয়ায় ঐতিহাসিক সরকারি সফর করছেন আন্তোনিও গুতেরেস। তার এই সফরের মধ্যেই ইসরাইলের সামরিক অনুপ্রবেশ বন্ধের এমন কড়া বার্তা সামনে এলো।

১৯৬৭ সাল থেকেই সিরিয়ার গোলান হাইটস এলাকা দখল করে রেখেছে ইসরাইল। ২০২৪ সালের ডিসেম্বরে সিরিয়ার সাবেক প্রেসিডেন্ট বাশার আল-আসাদ ক্ষমতাচ্যুত হওয়ার পর ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী ইসরাইল কাৎস গোলান হাইটসের বাফার জোন পুরোপুরি নিয়ন্ত্রণে নেওয়ার নির্দেশ দেন ইসরাইলি বাহিনীকে। এর পরিপ্রেক্ষিতে ওই অঞ্চলের পরিস্থিতি নতুন করে উত্তপ্ত হয়ে উঠেছে।

সূত্র: আল-জাজিরা

spot_img
spot_img
spot_img

সর্বশেষ