খেলাফত মজলিসের আমীর মাওলানা মোহাম্মদ ইসহাক বলেছেন, হিজাব পরিহিতা ছাত্রীদের হেনস্তার ঘটনা অত্যন্ত অমানবিক। হিজাব পরিধান মুসলমান নারীদের ধর্মীয় অধিকার। ভারতের কর্ণাটকে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে মুসলিম ছাত্রীদের হিযাবের উপর যে বিধি-নিষেধ প্রদান করেছে তা কোন ভাবেই গ্রহণযোগ্য নয়।
শুক্রবার (১১ ফেব্রুয়ারি) সকাল ৯টায় দলটির কেন্দ্রীয় মজলিসে শূরার অধিবেশনের অনুষ্ঠানে ভার্স্যুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন।
মাওলানা মোহাম্মদ ইসহাক বলেন, বাঁধা দিয়ে, জুলুম নির্যাতন চালিয়ে মুসলমানদের ঈমানী চেতনাকে দাবিয়ে রাখা যাবে না। অবিলম্বে ভারতে বিভিন্ন প্রদেশসহ যেসব দেশে মুসলিম নারীদের হিজাব ব্যবহারের উপর বিধি-নিষেধ আরোপ করেছে তা অবিলম্বে প্রত্যাহার করতে হবে।
আমীরে মজলিস মাওলানা মোহাম্মদ ইসহাকের সভাপতিত্বে ও মহাসচিব ড. আহমদ আবদুল কাদেরের পরিচালনায় জুম এ্যাপে অনুষ্ঠিত ভার্চয়াল শূরা অধিবেশনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন দলটির নায়েবে আমীর হাফিজ মাওলানা মজদুদ্দিন আহমদ, মাওলানা সাখাওয়াত হোসাইন, মাওলানা আবদুল বাছিত আজাদ, মাওলানা আহমদ আলী কাসেমী, যুগ্মমহাসচিব- এডভোকেট জাহাঙ্গীর হোসাইন, মুহাম্মদ মুনতাসির আলী, এবিএম সিরাজুল মামুন, ড. মোস্তাফিজুর রহমান ফয়সল, অধ্যাপক মোঃ আবদুল জলিল, সাংগঠনিক সম্পাদক ডাঃ এ এ তাওসিফ, মাওলানা তোফাজ্জল হোসেন মিয়াজী, আবু সালেহীন, মাওলানা শামসুজ্জামান চেীধুরী, ডা: শরীফ মোহাম্মদ মোসাদ্দেক প্রমুখ।










