spot_img

বর্তমান সরকার বিএনপির দীর্ঘ আন্দোলনের ফসল : সাইফুল আলম

বর্তমান অন্তর্বর্তী সরকার বিএনপির দীর্ঘ ১৬ বছরের আন্দোলনের ফসল বলে দাবি করেছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক আহ্বায়ক এবং যুবদলের সাবেক সভাপতি সাইফুল আলম নীরব।

সোমবার (১০ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর মগবাজার মধুবাগ মাঠে হাতিরঝিল থানা বিএনপির এক কর্মীসভা ও রাষ্ট্র মেরামতের ৩১ দফা নিয়ে কর্মশালায় তিনি দাবি করেন।

নীরব বলেন, এই সরকার যে সংস্কারের কথা বলছেন, সেটা বিএনপির ইচ্ছার বাইরে নয়। বিএনপি তো আগেই ৩১ দফা সংস্কার কর্মসূচি ঘোষণা করেছে। সংস্কার অবশ্যই বিএনপি চায়। সংস্কার যুগের পর যুগ চলতে থাকবে। নির্বাচিত সরকার এলেই দেশের প্রত্যেকটি সেক্টরে পরিপূর্ণভাবে সংস্কার হবে। দেশে পরিপূর্ণভাবে গণতন্ত্র প্রতিষ্ঠা পাবে।

তিনি বলেন, আমরা ১৬ বছর আন্দোলন করেছি একটা দৃশ্যমান শত্রুর বিরুদ্ধে। এই দৃশ্যমান শত্রুটা শুধু যে বিএনপির শত্রু ছিল তা না; সারা জনগোষ্ঠীর একটা শত্রু ছিল।

তিনি আরও বলেন, সারাদেশে বিএনপি ও এর সব অঙ্গসংগঠন যে শক্ত ভিত্তির ওপর দাঁড়িয়ে আজ এতটা শক্তিশালী অবস্থানে রয়েছে, তার প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের হাত ধরেই। তার অবর্তমানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে আজ সারা দেশের সব নেতাকর্মী ঐক্যবদ্ধ এবং সুসংগঠিত।

কোনো প্রকার লুটপাট, চাঁদাবাজি, দখলদারিত্ব করলে এবং দলের সুনাম ক্ষুণ্ন হয় এমন কাজে কেউ জড়িয়ে পড়লে তাকে কোনো ছাড় দেওয়া হবে না বলেও কঠোর হুঁশিয়ারি দেন তিনি।

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ