অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর মাওলানা মামুনুল হক বলেছেন, তৌহিদী জনতাকে কটাক্ষ করে বিভাজনের রেখা টানবেন না। বাংলাদেশ কারো কৃপায় অর্জিত হয়নি। এই বাংলাদেশ আপামর জনতার দীর্ঘ আন্দোলন সংগ্রামের ফসল।
মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) বিকালে পাবনা এডওয়ার্ড কলেজ মাঠে এক গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মামুনুল হক বলেন, আমরা ১৯০ বছর সাম্রাজ্যবাদী ব্রিটিশদের বিরুদ্ধে আন্দোলন করেছি। বিশ শতকের গোড়ার দিকে কলকাতার দাদাবাবুদের আধিপত্যবাদী হিন্দুত্ববাদকে খর্ব করেছি। ৭১’র পাক হানাদার বাহিনীর সাথে লড়াই করে এই বাংলাদেশ অর্জন করেছি।
তিনি বলেন, শেখ হাসিনার কাঁধে যে ভূত সওয়ার হয়েছিল সেই ভূত এখন আবার কারো কারো কাঁধে ভর করেছে। যারা তাওহিদী জনতাকে কটাক্ষ করে বিভাজনের রেখা টানতে চায়, তাদের জানা উচিত, বাংলাদেশের স্বাধীনতা আর ইসলাম এক সূত্রে গাঁথা। ইসলাম আক্রান্ত হলে স্বাধীনতা বিপন্ন হবে।
জেলা আহ্বায়ক মুফতী ওয়ালি উল্লাহর সভাপতিত্বে গণসমাবেশে আরও বক্তব্য রাখেন, কেন্দ্রীয় মহাসচিব মাওলানা জালালুদ্দিন আহমেদ, যুগ্ম-মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমীন, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা আবুল হাসানাত জালালী, বায়তুলমাল সম্পাদক মাওলানা ফজলুর রহমান, প্রশিক্ষণ সম্পাদক মাওলানা জহিরুল ইসলাম, যুব মজলিস সভাপতি জাহিদুজ্জামান, খেলাফত ছাত্র মজলিস সভাপতি মুহাম্মাদ কামাল উদ্দীন, মাওলানা হাবিবুর রহমান, মাওলানা আব্দুল্লাহ নাটোরী প্রমুখ।










