দ্রুত সময়ের মধ্যে তেলের দাম কিছুটা কমে আসবে বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক।
তিনি বলেন, ভোজ্যতেলের দাম নিয়ন্ত্রণে রাখতে সরকার সব ধরনের পদক্ষেপ গ্রহণ করেছে। আমার মনে হয়, তেলের দাম দ্রুত সময়ের মধ্যে কিছুটা কমে আসবে।
শুক্রবার (১১ মার্চ) বেলা ১১টায় বি.বাড়িয়ার কসবায় উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আইনমন্ত্রী বলেন, গত ৪০ বছরে বিশ্বে ভোজ্যতেলের দাম যত বেড়েছে, সম্প্রতি তার চেয়ে বেড়েছে অনেক বেশি। এর প্রভাব পড়েছে বাংলাদেশেও। তেলের দাম নিয়ন্ত্রণ করা হবে। এ জন্য জনগণকে ধৈর্য ধরতে হবে।
মেয়াদোত্তীর্ণ জেলা পরিষদ নির্বাচন প্রসঙ্গে আনিসুল হক বলেন, নতুন নির্বাচন কমিশন দায়িত্ব বুঝে নিয়েছেন। আমার বিশ্বাস, প্রথম কাজ হিসেবে শিগগিরই জেলা পরিষদ নির্বাচন দিয়ে দেবেন তারা। সেখানে যদি আইন সংশোধন করতে হয়, নির্বাচনের স্বার্থে যত দ্রুত সম্ভব সংশোধনের চেষ্টা করবে সরকার।










