অর্থনৈতিক সংকটের ফলে প্রয়োজনীয় তহবিল গঠন করতে না পারায় জাতীয় নির্বাচনের পর স্থানীয় সরকার নির্বাচনের নির্ধারিত সময়সূচি দ্বিতীয় দফায় স্থগিত ঘোষণা করেছে শ্রীলঙ্কা।
মঙ্গলবার (১১ এপ্রিল) দেশটির নির্বাচন কমিশন আনুষ্ঠানিকভাবে এই নির্বাচন স্থগিতের ঘোষণা দিয়েছে।
সংস্থাটি বলেছে, দেশজুড়ে আগামী ২৫ মার্চ ৩৪০টি স্থানীয় কাউন্সিলের নির্বাচন অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে। তহবিলের তীব্র ঘাটতির কারণে এই নির্বাচন আয়োজন করা সম্ভব হচ্ছে না বলে জানিয়েছে দেশটির নির্বাচন কমিশন।
শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী দীনেশ গুনাবর্ধনে ও দেশটির প্রধান রাজনৈতিক দলগুলোর নেতাদের সাথে বৈঠকের একদিন পর নির্বাচন কমিশন এই ঘোষণা দিয়েছে।
লঙ্কান নির্বাচন কমিশনের মহাপরিচালক সামান শ্রী রত্নায়েকে বলেছেন, রাষ্ট্রীয় কোষাগার থেকে তহবিলের জোগান নিশ্চিত করার পরই নির্বাচন অনুষ্ঠানের পরবর্তী তারিখ ঘোষণা করা হবে।
দেশটির স্থানীয় এই নির্বাচন গত ৯ মার্চ অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও চলমান অর্থনৈতিক সংকটের কারণে আগামী ২৫ এপ্রিল পর্যন্ত তা স্থগিত করা হয়। গত মাসে তহবিল স্বল্পতার কারণে দেশটির জাতীয় নির্বাচন কমিশন স্থানীয় নির্বাচনের পোস্টাল ভোটের ব্যবস্থা বাতিল করে।
পরে দেশটির সরকারের প্রিন্ট বিভাগের কর্মকর্তা গঙ্গানি লিয়ানাগে বলেছিলেন, ২১ থেকে ২৪ ফেব্রুয়ারি পর্যন্ত পোস্টাল ভোটিং পরিচালনার জন্য ব্যালট পেপার ছাপানোর মতো অর্থ তাদের কাছে নেই বলে নির্বাচন কমিশনকে জানানো হয়। যে কারণে নির্বাচন কমিশন নির্বাচন স্থগিত করতে বাধ্য হয়।
সূত্র: রয়টার্স











