spot_img

চট্টগ্রামে বাস চাপায় পোশাক শ্রমিক নিহত; আহত ৪

চট্টগ্রাম নগরের চান্দগাঁও থানা এলাকায় একটি বেসরকারি কোম্পানির বাসের ধাক্কায় মমতাজ বেগম (৫৩) নামে এক পোশাক শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও চারজন। নিহত মমতাজ বেগম নগরের চান্দগাঁও থানার ৫ নম্বর ওয়ার্ড এলাকার বাসিন্দা শাহ আলমের স্ত্রী।

মঙ্গলবার (১১ মে) সকাল সাড়ে ৭টার দিকে থানার কামাল বাজার এলাকার কর্ণফুলী টাওয়ারের সামনে এ দুর্ঘটনা ঘটে।

আহতরা হলেন- হাফিজা (২২), ইসমত আরা বৃষ্টি (২৫), কুলসুমা বেগম (২২) ও তানিয়া আক্তার (২৪)। তাদেরকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, আজ সকালে কর্মস্থলে যাওয়ার জন্য রাস্তার পাশে গাড়ির জন্য দাঁড়ান একদল নারী পোশাক শ্রমিক। পরে তাদের কোম্পানিরই একটি বাস এসে ধাক্কা দিলে ঘটনাস্থলে একজন নিহত ও চারজন আহত হন।

বিষয়টি নিশ্চিত করে চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) শীলব্রত বড়ুয়া বলেন, আজ সকাল ৮টার দিকে চান্দগাঁও থানা এলাকা থেকে বাসের ধাক্কায় আহত পাঁচ পোশাক শ্রমিককে হাসপাতালে আনে স্থানীয়রা। পরে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাদের একজনকে মৃত ঘোষণা করেন এবং বাকি চারজনকে হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে ভর্তি করেন।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ