হেফাজতে ইসলামের বিলুপ্ত কমিটির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুল হক ইসলামাবাদীকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।
মঙ্গলবার (১১ মে) রিমান্ড শেষে মাওলানা ইসলামাবাদীকে আদালতে হাজির করা হয়। এরপর তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা উপ-পরিদর্শক জাহিদুল ইসলাম। আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর হাকিম সত্যব্রত শিকদার তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
চলতি বছরের মার্চে বায়তুল মোকাররমে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সফর বিরোধী বিক্ষোভের ঘটনায় পল্টন থানায় করা এক মামলার তদন্তের জন্য গত ৩ মে মাওলানা ইসলামাবাদীকে সাতদিনের রিমান্ডে নিতে আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা। এরপর শুনানি শেষে আদালত তার তিনদিনের রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে পল্টন থানার আরেক মামলার তদন্তের স্বার্থে তার ১০ দিনের রিমান্ডে নিতে আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা। এরপর শুনানি শেষে আদালত তার চারদিনের রিমান্ড মঞ্জুর করেন।
উল্লেখ্য; গত ১১ এপ্রিল মধ্যরাতে চট্টগ্রামের হাটহাজারীতে র্যাবের সঙ্গে যৌথ অভিযানে মাওলানা ইসলামাবাদীকে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ (ডিবি)।












