ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানে ভারী বৃষ্টিপাতে আকস্মিক বন্যায় ৬০ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে আরও শতাধিক। এছাড়া এই বন্যায় নিখোঁজ রয়েছে আরও বহু মানুষ। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
শুক্রবার (১০ মে) আফগানিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আবদুল মতিন কানি এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেছেন, যারা মারা গেছেন তারা দেশটির উত্তরাঞ্চলীয় বাঘলান প্রদেশের বোরকা জেলার বাসিন্দা। এছাড়াও সেখানে দুই শতাধিক মানুষ তাদের বাড়ির ভেতরে আটকা পড়েছে বলেও জানিয়েছেন তিনি।
আবদুল মতিন বলেন, টানা বৃষ্টির কারণে বাঘলান প্রদেশের পাঁচটির বেশি জেলায় বন্যা দেখা দিয়েছে। অনেক পরিবার পানিবন্দী হয়ে পড়েছে। তাদের জরুরি সহায়তা দরকার।
তিনি জানান, দুর্গত এলাকায় সহায়তাকারী দল ও হেলিকপ্টার পাঠানো হয়েছে। তবে রাতের বেলায় উদ্ধার কাজের উপযোগী আলোর ব্যবস্থা না থাকায় কাজ করা যাচ্ছে না।
মূলত গত কয়েক সপ্তাহ ধরে আফগানিস্তানে অস্বাভাবিকভাবে ভারী বৃষ্টিপাত হয়েছে। গত এপ্রিলের মাঝামাঝি থেকে বন্যায় দেশটিতে ১০০ জনেরও বেশি মানুষ মারা গেছে।
সূত্র: বিবিসি











