ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব প্রিন্সিপাল হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ বলেছেন, নিত্যপণ্যের লাগাতার মূল্যবৃদ্ধি সাধারণ মানুষের জীবনকে দুঃসহ করে তুলছে। সরকারের গণবিরোধী নীতির কারণে দেশে চলমান অর্থনৈতিক সংকট আরও তীব্র হচ্ছে। দেশের সাধারণ মানুষের আয় না বাড়লেও মূল্যবৃদ্ধির কষাঘাতে জনজীবন অতিষ্ঠ। এর মধ্যে বছরে তিনবার করে বিদ্যুতের মূল্যবৃদ্ধি জনজীবনকে দুর্বিষহ করে তুলেছে।
আজ শনিবার (১১ মে) সকালে পুরানা পল্টনস্থ কেন্দ্রীয় অফিস মিলনায়তনে ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশের উদ্যোগে শ্রমিক বিষয়ক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মাওলানা ইউনুছ আহমাদ বলেন, বিদেশে পাচার হওয়া টাকা ও খেলাপি ঋণ আদায় এবং এর সঙ্গে জড়িতদের শাস্তি নিশ্চিত না করে এদের দায়মুক্তি দিতে ব্যাংক একত্রীকরণ, বন্ড বিক্রিসহ নানা উদ্যোগ নেওয়া হচ্ছে। আইএমএফের শর্ত মেনে বিদ্যুৎ, জ্বালানিসহ বিভিন্ন সেবা খাতের ভর্তুকি প্রত্যাহারসহ ব্যাংকের সুদের হার ব্যাংকের ওপর ছেড়ে দেওয়া হয়েছে। ডলারের দাম একলাফে ৭ টাকা বাড়িয়ে অর্থনীতিকে নৈরাজ্যের দিকে ঠেলে দেওয়া হচ্ছে, যা উৎপাদনশীল খাতকে ক্ষতিগ্রস্ত করবে এবং দেশবাসীকে আরও ঋণের জালে আবদ্ধ করে ফেলবে। সরকারের এসব গণবিরোধী নীতির কারণে দেশে অর্থনৈতিক সংকট আরও তীব্র হবে।
সংগঠনের কেন্দ্রীয় সভাপতি মুহাম্মদ আমিনুল ইসলামের সভাপতিত্বে এবং সাংগঠনিক সম্পাদক সৈয়দ ওমর ফারুকের পরিচালনায় অনুষ্ঠিত কর্মশালায় বক্তব্য রাখেন, সংগঠনেরর সহ-সভাপতি হাফেজ মাওলানা ছিদ্দিকুর রহমান ও মুহামম্দ ওয়ায়েজ হোসেন ভুইয়া, সেক্রেটারী জেনারেল মাওলানা খলিলুর রহমান, মুফতি মোস্তফা কামাল, এইচ এম রফিকুল ইসলাম, হাজী শাহাদাত হোসেন, হায়দার আলী, শামীম খান, হাজী নজরুল ইসলাম, মুহাম্মদ হারুন অর রশিদ।










