বিজেপির কেন্দ্রীয় সহ-সভাপতি মুকুল রায় তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছেন। এসময় তাকে স্বাগত জানান তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়। যোগদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়।
শুক্রবার (১১ জুন) তৃণমূল ভবনে গিয়ে তিনি আনুষ্ঠানিকভাবে যোগ দেন।
তৃণমূলে যোগদান প্রসঙ্গে মুকুল রায় বলেন, বিজেপিতে থাকতে না পেরেই ফিরে এসেছি। বিজেপি করব না বলেই পুরনো দলে ফিরেছি।
মুকুলের প্রত্যাবর্তনে তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ঘরের ছেলে ঘরে ফিরল। আগামী দিনে আরও অনেকেই দলে ফিরে আসবেন। তবে যারা নোংরামির সীমা ছাড়িয়েছে, দলে তাদের নেওয়া হবে না।
এর আগে থেকেই বিধায়ক হিসাবে শপথগ্রহণের পর মুকুলের গতিবিধিতে প্রশ্ন তৈরি হয়েছিল। ওইদিন শপথগ্রহণের পর বিজেপির পরিষদীয় দলের বৈঠকে যোগ দেননি তিনি।
ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস জানায়, বিধানসভায় মাত্র ২০ মিনিট ছিলেন মুকুল রায়। শপথ নিয়ে বেরিয়ে যান তিনি বেরোনোর পথে দেখা হয় তৃণমূল নেতা সুব্রত বক্সির সঙ্গে।












