স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, জামায়াতের ব্যাপারে আওয়ামী লীগের নীতির পরিবর্তন হয়নি। অনিবন্ধিত রাজনৈতিক দল তাদের সভা-সমাবেশ ইনডোরে করতে পারে। জামায়াতে ইসলামী ইনডোরে সমাবেশ করতে চেয়েছিল। ডিএমপি কমিশনার যাচাই করে অনুমোদন দিয়েছে।
রোববার (১১ জুন) রাজারবাগে হাইওয়ে পুলিশের ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।
জামায়াতকে অনুমতি দেওয়ায় আওয়ামী লীগের রাজনৈতিক নীতির কোনো পরিবর্তন হয়েছে কি না এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, আওয়ামী লীগের নীতির কোনো পরিবর্তন হয়নি। জামায়াত একটি অনিবন্ধিত রাজনৈতিক দল। অনিবন্ধিত রাজনৈতিক দল ইনডোরে তাদের সভা সমাবেশ করতেই পারে। দেশের অনেক অনিবন্ধিত দলই বিভিন্ন প্রোগামের আয়োজন করে।
তিনি বলেন, বাইতুল মোকাররমের উত্তর গেটে তারা সমাবেশ করে থাকে। এসব সমাবেশে অনেক সময় আমরা দেখেছি তারা ভাঙচুর করেছে। এসব কিছু মাথায় রেখেই তাদেরকে ইনডোরে সমাবেশ করার অনুমতি দেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, স্বাধীনতার পর বঙ্গবন্ধু যে পুলিশ দেখতে চেয়েছিলেন আজকে পুলিশ ধীরে ধীরে সে রকমই হচ্ছে। আজকে পুলিশ জনতার পুলিশ হয়েছে। মহাসড়কে সব ধরনের অপরাধ বন্ধে হাইওয়ে পুলিশ কাজ করছে।











