প্রাথমিক শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের জন্য নাচ, গান ও নাটকসহ অনৈসলামিক শিক্ষা অন্তর্ভুক্তির সিদ্ধান্তের প্রতিবাদে রাজধানীতে সমাবেশ করেছে বাংলাদেশ ইসলামী মহিলা মজলিস।
বৃহস্পতিবার (১১ জুন) বাংলাদেশ ইসলামী মহিলা মজলিস ঢাকা মহানগরী উত্তরের উদ্যোগে আয়োজিত কর্মী সমাবেশে নেতারা এ প্রতিবাদ জানান।
সমাবেশে নেতারা বলেন, দেশে আইনশৃঙ্খলার চরম অবনতি ঘটছে। হত্যা, ধর্ষণ ও পাশবিক নির্যাতন দিন দিন বেড়েই চলছে। অথচ সরকার এসব অপরাধের মূল উৎস অশ্লীলতা, পারিবারিক ও ধর্মীয় মূল্যবোধের অবক্ষয় নিয়ন্ত্রণে কোনো উদ্যোগ নিচ্ছে না।
তারা বলেন, এর বিপরীতে সরকার প্রাথমিক বিদ্যালয়ে নাচ, গান ও নাটকসহ অপসংস্কৃতি চর্চার উদ্যোগ গ্রহণ করেছে।
নেতারা বলেন, এসব বিষয় প্রাথমিক শিক্ষা কারিকুলামে অন্তর্ভুক্তির মাধ্যমে রাষ্ট্রের কোষাগার খালি করে কোমলমতি শিক্ষার্থীদের ধ্বংসের দিকে ঠেলে দেওয়ার ষড়যন্ত্র চলছে।
তারা আরও বলেন, শিক্ষাঙ্গনে সুস্থ সংস্কৃতি চর্চা ও খেলাধুলার আরও সুষ্ঠু পরিবেশ সৃষ্টি হোক, তা আমরাও চাই। তবে কোনোভাবেই পশ্চিমা ও ব্রাহ্মণ্যবাদী অপসংস্কৃতি এখানে মেনে নেওয়া হবে না। এ দেশের সচেতন অভিভাবকরাও তা কখনো মেনে নেবেন না।
সমাবেশে নেতারা বলেন, মুসলিম সংখ্যাগরিষ্ঠ বাংলাদেশে পশ্চিমা ও ব্রাহ্মণ্যবাদী অপসাংস্কৃতিক আগ্রাসন আর মেনে নেওয়া হবে না। এ বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়সহ সরকারের সংশ্লিষ্ট সবাইকে সতর্ক বার্তা দিতে চাই, ফ্যাসিবাদ-পরবর্তী নতুন বাংলাদেশে অপসাংস্কৃতিক আগ্রাসনের পুরনো বন্দোবস্ত আর চলবে না।
মহিলা মজলিস ঢাকা মহানগরী উত্তর শাখার দায়িত্বশীল তাহমিনা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মী সমাবেশে বক্তব্য রাখেন উম্মে হাবিবা সুলতানা, জান্নাতুল ফেরদৌস মাওয়া, সুরাইয়া আক্তার সাবরিনা, সায়মা ইয়াসমিন, তাসলিমা ফেরদৌস, তামিমা খন্দকার, আসমাউল হুসনা জান্নাতুল ফেরদৌস প্রমুখ।











