ইরাক, সিরিয়া ও লেবাননের মত করে তালেবানকে ঠেকানোর ইচ্ছের কথা জানালেন আফগানিস্তানের মার্কিনপন্থী সরকারের প্রেসিডেন্ট আশরাফ গনি।
আশরাফ গনি বলেন, তালেবানের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে লড়াই চালিয়ে যেতে হবে। লেবানন, ইরাক ও সিরিয়ার জনগণ যেভাবে ঐক্যবদ্ধ হয়ে শত্রুর বিরুদ্ধে লড়াইয়ে নেমেছিল ঠিক সেভাবে ঐক্যবদ্ধ হতে হবে এবং এসব দেশের জনগণের কাছ থেকে শিক্ষা নিতে হবে।
তিনি শনিবার ‘খোস্ত আন্তর্জাতিক বিমান বন্দর’ উদ্বোধনের সময় এ কথা বলেন।
আশরাফ গনি বলেন, তালেবান দ্বিমুখী আচরণ করছে। একদিকে বলছে তারা শান্তি চায় আবার অন্যদিকে শান্তি আলোচনায় ডাকলেও তারা আসছে না।
যারা সরকারে থেকেও তালেবানকে সঙ্গে সহযোগিতা করছে তাদের বিরুদ্ধে হুঁশিয়ারি দিয়ে মার্কিনপন্থী এই প্রেসিডেন্ট বলেন, এসব ব্যক্তির বিষয়ে আর কোনো ধরণের সহনশীলতা প্রদর্শন করা হবে না। আইন অনুযায়ী তাদের শাস্তি হবে।
তিনি বলেন, যারা বলছে আফগান সরকার তালেবানের কাছে পরাজিত হয়েছে তারা গুজব রটনাকারী। তবে আফগান জনগণ যদি প্রতিরোধ গড়ে না তোলে তাহলে এই যুদ্ধ প্রজন্মের পর প্রজন্ম ধরে চলতে থাকবে।
আশরাফ গনি আবারও শান্তি আলোচনায় অংশ নিতে তালেবানের প্রতি আহ্বান জানিয়ে বলেন, বিদেশিদের নির্দেশে দেশকে ধ্বংস করে দেবেন না।
পার্সটুডে












