কোপা আমেরিকার ফাইনালে ব্রাজিলকে এক শূন্য গোলে হারিয়েছে আর্জেন্টিনা। বিষয়টি মেনে নিতে না পেরে কক্সবাজারের রামুতে বিষপানে আত্মহত্যার চেষ্টা করেন কামাল নামে এক ব্রাজিল সমর্থক যুবক। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।
রবিবার (১১ জুলাই) রামুর চাকমারকুল ইউনিয়নের উত্তর চাকমারকুল গ্রামে এ ঘটনা ঘটে।
জানা গেছে, ওই যুবক ব্রাজিল ফুটবল দলের কট্টর সমর্থক। কোপা আমেরিকার ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার কাছে দলটির পরাজয়ের পর তিনি বিষপান করেন। পরে বাড়ির লোকজন তাকে মুমূর্ষু অবস্থায় রামু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখান থেকে তাকে কক্সবাজার সদর হাসপাতালে রেফার করা হয়।
রামু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা কর্মকর্তা এফাজুল হক জানান, কামালকে হাসপাতালে আনা হলে প্রাথমিকভাবে তার পাকস্থলী পরিষ্কার করা হয়। পরে তাকে দ্রুত সদর হাসপাতালে পাঠানো হয়।












