ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার জ্বালানি নীতির কারণেই দেশে বিদ্যুৎ নিয়ে বর্তমান ভোগান্তি তৈরি হয়েছে বলে মন্তব্য করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। তিনি বলেছেন, জ্বালানি খাতকে সিন্ডিকেটের নিয়ন্ত্রণ থেকে বের করে আনতে বর্তমান সরকার সঠিক নীতিমালা প্রণয়ন করেছে, যা আগামী সংসদ অধিবেশনে উপস্থাপন করা হবে।
মঙ্গলবার (১১ আগস্ট) দুপুরে মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার স্যার জগদীশ জে সি বোস ইনস্টিটিউশন অ্যান্ড কলেজ এবং বিক্রমপুর ভূঁইয়া মেডিকেল কলেজ ক্যাম্পাসে বৃক্ষরোপণ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ইশরাক হোসেন বলেন, চব্বিশের গণঅভ্যুত্থানে ছাত্রদলের ১৪৮ জন নেতাকর্মী শহীদ হয়েছেন। বিএনপির নেতাকর্মীরা দীর্ঘ ১৭ বছর ধরে গুম, খুন ও নির্যাতনের শিকার হয়েছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্রদলের নেতাকর্মীদের ওপর হামলা ও নির্যাতনের ঘটনাও ঘটেছে।
তিনি বলেন, যারা অতীতে ছাত্রলীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন, তারাই এখন নিজেদের আন্দোলনের অংশ হিসেবে দাবি করছেন। এমন বক্তব্যকে হাস্যকর বলে মন্তব্য করেন তিনি।
মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী অভিযোগ করেন, আন্দোলনের নামে বর্তমানে যারা নানা ধরনের অপপ্রচার ও বিভ্রান্তি সৃষ্টি করছেন, তাদের কেউ কেউ এখন জ্বালানি ইস্যু নিয়েও আন্দোলন করতে চাইছেন।
তিনি আরও বলেন, জ্বালানি খাতকে সিন্ডিকেটের নিয়ন্ত্রণ থেকে বের করে আনতে সরকার সঠিক নীতিমালা প্রণয়ন করেছে। আগামী সংসদ অধিবেশনে এ নীতিমালা উপস্থাপন করা হবে।










