আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও পানি সম্পদ উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম এমপি বলেছেন, অবৈধভাবে ক্ষমতা দখলের মাধ্যমে বিএনপির জন্ম হয়েছে। দেশ ও জনগণ নিয়ে তাদের কোনো ভাবনা নেই। তাদের মূল উদ্দেশ্যই হচ্ছে অবৈধভাবে ক্ষমতা দখল করা।
তিনি বলেন, তারা সবসময় পেছনের পথ দিয়ে ক্ষমতায় দখল করতে চায়। এ কারণে তারা বারবার দেশ বিরোধী ষড়যন্ত্রে মেতে উঠেছে। তবে তারা কখনো সফল হয়নি, হবেও না।
রোববার (১১ সেপ্টেম্বর) সকালে শরীয়তপুরের ভেদরগঞ্জের কাঁচিকাটা ইউনিয়নের বন্যা ও নদী ভাঙন কবলিতদের খাদ্য সহায়তা, নগদ অর্থ ও ঢেউটিন বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
উপমন্ত্রী বলেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার দেশকে যখন উন্নয়নের শিখরে নিয়ে যাচ্ছে, তখনই বিএনপি অবৈধভাবে ক্ষমতা দখলের জন্য মরিয়া হয়ে উঠেছে। ব্যালটের মাধ্যমে শেখ হাসিনাকে সরাতে পারবে না জেনে ষড়যন্ত্রকারীরা অন্য পথ বেছে নিয়েছে। পেছনের দরজা দিয়ে কীভাবে ক্ষমতায় আসা যায়, এজন্য তারা আন্তর্জাতিক ষড়যন্ত্রের সঙ্গে যুক্ত হয়ে আওয়ামী লীগ সরকারকে ক্ষমতা থেকে উৎখাত করতে চায়। কারণ তারা জানে যে- অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হলে বিএনপি কোনো দিনও ক্ষমতায় আসতে পারবে না। তাই দেশবিরোধী ষড়যন্ত্রের বিরুদ্ধে সবাইকে অতন্ত্র প্রহরীর মতো সতর্ক থাকতে হবে।
তিনি বলেন, আগামী সংসদ নির্বাচন সংবিধান অনুযায়ী প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে নির্বাচন কমিশনের অধীনেই অনুষ্ঠিত হবে। বিএনপিকে যদি নির্বাচনে আসতে হয়, তাহলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে নির্বাচন কমিশনের অধীনেই নির্বাচন করতে হবে। বিএনপি মূলত নির্বাচন চায় না, তারা জানে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে তারা কোনো দিন ক্ষমতায় আসতে পারবে না।
সূত্র: বাসস










