বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, যারা এই দেশকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করেছে সেই ব্যর্থ সরকারকে এই মুহূর্তে পদত্যাগ করতে হবে। সংসদ বাতিল করতে হবে। তত্ত্বাবধায়ক সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করতে হবে। এই নির্বাচন কমিশনের (ইসি) অধীনে কোনো নির্বাচন হবে না। আমরা নতুন ইসি গঠন করে সব দলের অংশগ্রহণে জনগণের কাছে গ্রহণযোগ্য একটা নির্বাচন চাই, সেটাই করব ইনশাল্লাহ। দেশে জনগণের সরকার প্রতিষ্ঠা হবে, জনগণের সংসদ প্রতিষ্ঠা হবে।
রবিবার (১১ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর উত্তরায় মহানগর উত্তর বিএনপির এক নম্বর জোন আয়োজিত প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, প্রশাসনকে বলতে চাই জনগণকে প্রতিপক্ষ বানাবেন না। জনগণ থেকেই আপনারা এসেছেন। জনগণের ট্যাক্সের টাকায়ই আপনাদের বেতন হয়, সংসার চলে। সুতরাং এই জনগণকে সম্মান করবেন। বেআইনি নির্দেশ নিয়ে কথায় কথায় গুলি করবেন না।










