পতিত ফ্যাসিস্ট আওয়ামী লীগ দিল্লিতে বসে এবং জামায়াতে ইসলামী বাংলাদেশে অবস্থান করে দেশবিরোধী ষড়যন্ত্র করছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন।
তিনি বলেন, আওয়ামী লীগ ও জামায়াতে ইসলামী অতীতেও দেশের বিরুদ্ধে এবং বিএনপির বিরুদ্ধে চক্রান্ত করেছে। বিএনপি তাদের মোকাবিলা করেছে।
রোববার (১১ অক্টোবর) বিকেলে নারায়ণগঞ্জ জেলা পরিষদ কার্যালয়ে জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক মামুন মাহমুদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
রাশেদ খাঁন বলেন, ইনশাআল্লাহ, এখন পতিত ফ্যাসিস্ট আওয়ামী লীগ দিল্লিতে বসে এবং বাংলাদেশে জামায়াতে ইসলামী যে দেশবিরোধী চক্রান্ত করছে, জনগণের সহযোগিতা নিয়ে তা মোকাবিলা করতে বিএনপি সরকার সক্ষম হবে। দেশের জনগণ সরকারের পাশে থাকলে যেকোনো ষড়যন্ত্র মোকাবিলা করা সম্ভব।
তিনি বলেন, জনগণ ভোট দিয়ে বিএনপিকে রাষ্ট্রক্ষমতায় এনেছে। জনগণই বিএনপির সবচেয়ে বড় শক্তি। জনগণ বিএনপি সরকারের পাশে থাকলে কোনো অপশক্তিই সফল হবে না। বরং জনগণকে সঙ্গে নিয়ে সব অপশক্তিকে মোকাবিলা করে বিএনপিই সফল হবে।
বিরোধী দলের সমালোচনা করে রাশেদ খাঁন বলেন, জামায়াতে ইসলামীর আমীর নিজেই জ্বালানি সংকটকে জাতীয় সংকট বলেছেন। অথচ জ্বালানি সংকটকে পুঁজি করে বিরোধী দল যে লং মার্চ করেছে, এর কোনো গুরুত্ব নেই। দেশের জনগণও তাদের লং মার্চ গ্রহণ করেনি। পতিত আওয়ামী লীগকে সুযোগ করে দেওয়ার উদ্দেশ্যেই সদ্য ক্ষমতায় আসা সরকারের বিরুদ্ধে চূড়ান্ত কর্মসূচি দেওয়া হয়েছে।
তিনি বলেন, বিএনপি ব্যর্থ হলে দেশে পুনরায় ওয়ান-ইলেভেনের মতো পরিস্থিতি সৃষ্টি হবে। কারণ বাংলাদেশের বিরুদ্ধে দেশি-বিদেশি নানা ধরনের ষড়যন্ত্র ও চক্রান্ত হচ্ছে। জামায়াতে ইসলামী সেই ষড়যন্ত্রের ফাঁদে পা দিলে দেশের জনগণ তাদের ক্ষমা করবে না।











