বিএনপির আজিজ মার্কা নির্বাচন কমিশন পছন্দ বলে দাবি করেছেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ।
তার বক্তব্য, বিএনপির পছন্দ আজিজ মার্কা নির্বাচন কমিশন, যিনি ভুয়া ভোটার বানিয়ে তাদেরকে রাষ্ট্র ক্ষমতায় বসাবে। এ রকম কমিশনই তাদের পছন্দ আর সে কারণেই বর্তমানে আইনসিদ্ধ যে কমিশন হচ্ছে তাতে সাড়া দিচ্ছে না বিএনপি। এতেই বোঝা যায় তারা রাজনৈতিকভাবে দায়িত্বহীনতার পরিচয় দিচ্ছে। কিন্তু তারা নাম দিক বা না দিক নির্বাচন কমিশন আইন অনুযায়ী সঠিক সময়ে তা গঠিত হয়ে যাবে।
শনিবার (১২ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১০টায় কুষ্টিয়ার নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
হানিফ বলেন, বিএনপি কখনো গণতন্ত্রের কোনও পদ্ধতিতে বিশ্বাসী ছিল বলে তাদের ইতিহাস বলে না। তারা যখন ক্ষমতায় ছিল কখনোই নির্বাচন কমিশন আইন গঠন করেনি এবং কমিশন গঠন করতে কারো সাথে আলোচনার প্রয়োজন বোধ করেনি।
তিনি বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ মহামান্য রাষ্ট্রপতির মাধ্যমে সার্চ কমিটি গঠন করে আলাপ-আলোচনার ভিত্তিতে কমিশন গঠন করছে।










