বরিশাল-৫ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের হাতপাখা প্রতীকের প্রার্থী ও দলের সিনিয়র নায়েবে আমীর মুফতী ফয়জুল করীম রূপাতলী হাউজিং সেন্টার ভোটকেন্দ্রে ভোট প্রদান করেছেন।
বৃহস্পতিবার (১২ জানুয়ারি) সকালে কেন্দ্রে পৌঁছে তিনি লাইনে দাঁড়িয়ে নিজের ভোট দেন। এ সময় তার সঙ্গে দলীয় নেতাকর্মী ও সমর্থকেরা উপস্থিত ছিলেন।
ভোট দেওয়ার পর সংক্ষিপ্ত প্রতিক্রিয়ায় ফয়জুল করীম বলেন, ভোট দেওয়ার অধিকার নিশ্চিত করা গণতন্ত্রের মূল ভিত্তি। আমি আশা করি ভোটাররা নির্ভয়ে ও উৎসবমুখর পরিবেশে তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারবেন। পাশাপাশি নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করি।
কেন্দ্র ঘুরে দেখা গেছে, সকাল থেকেই ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সতর্ক অবস্থান ও নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাদের তৎপরতায় কেন্দ্রটিতে ভোট গ্রহণ স্বাভাবিকভাবেই চলছিল।











