spot_img

আওয়ামী দুঃশাসনের পরিস্থিতি ৭১ সালের পাকিস্তানের চেয়েও খারাপ : মির্জা ফখরুল

আওয়ামী দুঃশাসনের পরিস্থিতি ৭১ সালের পাকিস্তানের চেয়েও খারাপ বলে মন্তব্য করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, ‘আওয়ামী দুঃশাসনের পরিস্থিতি ৭১ সালের পাকিস্তানের চেয়েও খারাপ। কারণ, সেসময় পাকিস্তানিরা ঘোষণা দিয়ে আমাদের সঙ্গে যুদ্ধ করতো। কিন্তু, বর্তমানে আওয়ামী লীগ ঘোষণা ছাড়াই জনগণের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। তারা মানুষকে নিপীড়ন করছে।’

সাবেক মন্ত্রী মরহুম মশিয়ূর রহমান যাদু মিয়ার ৪৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে আজ শনিবার সকালে আয়োজিত এক ভার্চুয়াল স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন মির্জা ফখরুল।

বিএনপির এ নেতা আরও বলেন, ‘এমন পরিস্থিতিতে আমাদের মূল টার্গেট হলো সরকারকে সরানো। তা না হলে তাদের দুর্বৃত্তায়ন থামবে না। সে লক্ষ্যেই আমরা সব রাজনৈতিক দলকে জাতীয় ঐক্যের আহ্বান জানাচ্ছি। যেভাবে ৬৯, ৭১ ও ৮৯ সালে আমরা ঐক্যবদ্ধ হয়েছিলাম, সেভাবেই আবারও ঐক্যবদ্ধ হয়ে এ সরকারের বিরুদ্ধে গণআন্দোলন তৈরি করতে হবে।’

তিনি বলেন, ‘আমাদের প্রধান টার্গেট হলো এ ফ্যাসিস্ট সরকারকে সরানো। এরপর একটি জনগণের ভোটে নির্বাচিত সরকার প্রতিষ্ঠা করা। তা না হলে ক্ষমতাসীনদের দুর্বৃত্তায়ন থামবে না। সে লক্ষ্যে আমরা বিভেদ ভুলে সব রাজনৈতিক দলগুলোকে একই প্ল্যাটফর্মে আসার, তথা বৃহত্তর জাতীয় ঐক্যের কথা বলছি।’

এ সময় মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘বিগত ১৪-১৫ বছরে বাংলাদেশের রাজনীতিতে অনেক পরিবর্তন হচ্ছে। সেটা হলো—যারা এ দীর্ঘ সময় ধরে ক্ষমতাসীন, তারা দেশে ফ্যাসিবাদ কায়েম করছে। তারা ভিন্নমতের মানুষদের দমন করছে, মানুষের কথা বলার অধিকার কেড়ে নিয়েছে, লেখার স্বাধীনতা কেড়ে নিয়েছে। তার কারণ হলো জনগণের কাছে এ সরকারের কোনো জবাবদিহিতা নেই। আজ প্রতিনিয়ত মানুষের অধিকার খর্ব হচ্ছে। এখন নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণহীন। কিন্তু দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে তাদের কোনো উদ্যোগ নেই। বরং, তারা মিথ্যা তথ্য ও পরিসংখ্যান দিয়ে দেশের মানুষকে প্রতিনিয়ত বিভ্রান্ত করছে।’

 

spot_img
spot_img
spot_img

সর্বশেষ