ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের পক্ষে গুপ্তচরবৃত্তির অভিযোগে নিজেদের এক সদস্যার মৃত্যুদণ্ড কার্যকর করেছে ফিলিস্তিনের সশস্ত্র প্রতিরোধ আন্দোলন ‘লায়ন্স ডেন’।
রবিবার ( ৯ এপ্রিল) বিশ্বাসঘাতক মৃত্যুদণ্ড কার্যকরের বিষয়ে দলটি তাদের টেলিগ্রাম বার্তায় জানায়।
বার্তায় বলা হয়, বিশ্বাসঘাতকের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। এছাড়া আর কিছুই উল্লেখ করা হয়নি।
ফিলিস্তিন মানবাধিকার স্বাধীনতা কমিশন পক্ষ থেকেও বিষয়টি নিশ্চিত করা হয়। তাদের ভাষ্য অনুযায়ী, ইহুদিবাদী অবৈধ রাষ্ট্র ইসরাইলের পক্ষে দীর্ঘদিন ধরে গুপ্তচরবৃত্তি করে আসা ব্যক্তিকে শনিবার সন্ধ্যায় হত্যা করা হয়।
এছাড়া নাবলুস শহরের এক নিরাপত্তা কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বার্তা সংস্থা এএফপিকে জানান, ক’দিন আগে সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়া যে ভিডিওতে একজন ব্যক্তিকে ইহুদিবাদী সন্ত্রাসী বাহিনীর পক্ষে সশস্ত্র আন্দোলনের বিরুদ্ধে গুপ্তচরবৃত্তির অভিযোগ স্বীকার করে নিতে দেখা গিয়েছিলো। তাকে ওল্ড সিটি বা দখলকৃত ফিলিস্তিনের পূর্ব জেরুসালেমে নির্মমভাবে হত্যা করা হয়েছে।
পরবর্তীতে লায়নস ডেম জানায়, এটি সকল বিশ্বাসঘাতকদের উদ্দেশ্যে একটি স্পষ্ট বার্তা, যারা তাদের পবিত্র ধর্ম, বিবেক, মর্যাদা ও দেশকে ইহুদিবাদী সন্ত্রাসীদের কাছে বিকিয়ে দেয়।
নিরাপত্তা পরিস্থিতি সামাল দিয়ে জনসমক্ষে এবিষয়ে আরো বিস্তারিত জানানো হবে বলেও উল্লেখ করে দলটি।
উল্লেখ্য, ২০২২ সালের আগস্টে সশস্ত্র ফিলিস্তিন প্রতিরোধ আন্দোলন লায়ন্স ডেনের উত্থান ঘটে। দুই ফিলিস্তিনি যুবক মুহাম্মাদ আল আজিজি (২৫) ও আব্দুর রহমান সাবুহ (২৮) এই দলটি প্রতিষ্ঠা করেন। এই দুই প্রতিষ্ঠাতা যুবক আবু সালেহ ও আবু আদাম নামেই বেশি পরিচিত।
আর ‘লায়নস ডেন’ নামটি রাখা হয় নাবলুস শহরের এক সময়কার দুর্ধর্ষ যোদ্ধা ইবরাহীম নাবলুসীর উপাধি ‘দা লায়ন অফ নাবলুস’ থেকে।
প্রতিষ্ঠার পর থেকেই ইহুদিবাদী সন্ত্রাসীদের বিরুদ্ধে ক্রমাগত হামলা চালিয়ে যেতে থাকায় ফিলিস্তিনিদের কাছে অনেক জনপ্রিয় হয়ে উঠে সশস্ত্র দলটি।
দলটি তাদের টিকটক ও টেলিগ্রাম চ্যানেল থেকে নিয়মিত অভিযানের ভিডিও প্রকাশ করে থাকে। জানা যায়, ২০২২ সালের অক্টোবরে তাদের টিকটক চ্যানেল বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। তবে তাদের টেলিগ্রাম চ্যানেলটি এখনো সচল রয়েছে। ২০২৩ সালের ফেব্রুয়ারির সর্বশেষ তথ্য অনুযায়ী টেলিগ্রামে তাদের ২ লক্ষ ৩৮ হাজার সাবস্ক্রাইবার রয়েছে।
সূত্র: টিআরটি ওয়ার্ল্ড











