ইউরিয়া, টিএসপি, ডিএপি ও এমওপি সারের দাম কেজিতে ৫ টাকা বাড়ানোর সরকারি সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ।
আজ বুধবার (১২ এপ্রিল) ইসলামী আন্দোলনের মহাসচিব প্রিন্সপাল হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ ও যুগ্ম মহাসচিব মুহাম্মদ আমিনুল ইসলাম স্বাক্ষরিত এক বিবৃতিতে প্রতিবাদ জানানো হয়।
বিবৃতিতে নেতৃবৃন্দ অবিলম্বে বর্ধিত মূল্য প্রত্যাহার করে ন্যায্য দামে সারসহ অন্যান্য কৃষি উপকরণ সরবরাহ নিশ্চিত করার ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
নেতৃদ্বয় বলেন, আন্তর্জাতিক বাজারের দোহাই দিয়ে সারের দাম বৃদ্ধির এ সিদ্ধান্ত কৃষক ও জনস্বার্থবিরোধী। সরকারের উচিত কৃষি খাতে পর্যাপ্ত ভর্তুকি দিয়ে জনগণের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা। কিন্তু তা না করে ব্যবসায়ী-মুনাফালোভী এবং মধ্যস্বত্বভোগীদের স্বার্থ রক্ষায় সরকার বারবার এ ধরনের সিদ্ধান্ত নিচ্ছে, যা আমাদের কৃষি খাতের জন্য হুমকি হয়ে দাঁড়াচ্ছে। আট মাসের ব্যবধানে সারের দাম বৃদ্ধি উদ্বেগজনক। বিদ্যুৎ এবং বীজ-সার-কীটনাশকসহ কৃষি উপকরণের মূল্যবৃদ্ধিতে উৎপাদন খরচ আগেই বেড়েছে।এখন সারের দাম বৃদ্ধি কৃষককে আরও ঋণগ্রস্ত করে ফেলবে। এমনিতেই নিত্যপণ্যের বাজারে আগুন। এরমধ্যে সারের দামবৃদ্ধির কারণে কৃষকরা কৃষিকাজে আগ্রহ হারিয়ে ফেলবে। যা আমাদের জন্য চরম বেদনাদায়ক হয়ে দাড়াবে।










