মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-কে নিয়ে কটূক্তির অপরাধে এবার ভারতের ক্ষমতাসীন হিন্দুত্ববাদী রাজনৈতিক দল ভারতীয় জনতা পার্টির (বিজেপি) জ্যেষ্ঠ নেতা নবীন কুমার জিন্দালের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। অভিযুক্ত এই নেতা বিজেপির দিল্লি শাখার গণমাধ্যম প্রধান।
শনিবার (১১ জুন) রাতে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।
প্রতিবেদনে বলা হয়েছে, মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সম্পর্কে পোস্টের মাধ্যমে ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার অভিযোগে মহারাষ্ট্রের পুনে শহরে বহিষ্কৃত দিল্লি বিজেপির মিডিয়া প্রধান নবীন কুমার জিন্দালের বিরুদ্ধে একটি এফআইআর নথিভুক্ত করা হয়েছে বলে শনিবার জানিয়েছে পুলিশ।
পুনের একজন কর্মকর্তা জানিয়েছেন, স্থানীয় বাসিন্দা জাকির ইলিয়াস শেখের দায়ের করা অভিযোগের ভিত্তিতে শহরের কোন্ধওয়া থানায় নবীন কুমার জিন্দালের বিরুদ্ধে মামলাটি নথিভুক্ত করা হয়েছে।
এনডিটিভি জানিয়েছে, দায়েরকৃত মামলায় নবীন কুমার জিন্দালের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির (আইপিসি) ধারা ১৫৩-এ (দাঙ্গা সৃষ্টির উদ্দেশ্যে উস্কানি দেওয়া), ১৫৩-বি (জাতীয় সংহতির পক্ষে ক্ষতিকারক বক্তব্য দেওয়ার অভিযোগ), ২৯৫-এ (যেকোনো শ্রেণীর ধর্মীয় অনুভূতিকে ক্ষুব্ধ করার উদ্দেশ্যে ইচ্ছাকৃত এবং বিদ্বেষপূর্ণ কাজ) করার অভিযোগ আনা হয়েছে।
এছাড়া ধর্ম বা ধর্মীয় বিশ্বাসের অবমাননা করায় ভারতীয় দণ্ডবিধির ২৯৮ (ধর্মীয় অনুভূতিতে আঘাত করার ইচ্ছাকৃত অভিপ্রায়ে শব্দ উচ্চারণ করা ইত্যাদি) এবং ৫০৫-দুই (জনসাধারণের উদ্দেশে উস্কানিমূলক বিবৃতির) অভিযোগও আনা হয়েছে জিন্দালের বিরুদ্ধে।











