মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ও উম্মুল মুমিনীন হজরত আয়েশা (রা.)-কে নিয়ে অবমাননাকর মন্তব্যের জেরে দল থেকে বহিষ্কৃত ভারতের উগ্র হিন্দুত্ববাদী রাজনৈতিক দল (বিজেপি) নেতা নবীন কুমার জিন্দালের পরিবার রাজধানী দিল্লি ছেড়ে পালিয়েছে।
শনিবার (১১ মে) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম ডেকান হেরাল্ড।
এছাড়া মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে নিয়ে অবমাননাকর মন্তব্যের কারণে বিজেপি নেতা নবীন কুমার জিন্দালের বিরুদ্ধে মহরাষ্ট্রের পুনেতে মামলা দায়ের করা হয়েছে।
ভারতীয় সংবাদমাধ্যম বলছে, মহানবী হযরত মুহাম্মদ (সা.) কে নিয়ে বিতর্কিত মন্তব্যের জেরে ভারতজুড়ে শুরু হয়েছে অশান্তি। নুপুর শর্মার ওই মন্তব্যকে সমর্থন করে টুইট করে বিতর্কে জড়িয়েছিলেন নবীন জিন্দাল। তাই নুপুরের মতোই তাকেও দল থেকে বহিষ্কার করার সিদ্ধান্ত নেয় বিজেপি।
এই পরিস্থিতিতে নবীন কুমার জিন্দালের অভিযোগ, তাকে খুনের হুমকি দেওয়া হচ্ছে। তিনি যেখানেই যাচ্ছেন সেখানেই তাকে অনুসরণ করছে কিছু মানুষ। আর এ কারণেই আতঙ্কে দিল্লি ছেড়ে চলে গেছে তার পরিবার।
নবীন জিন্দালের দাবি, গত কয়েক দিন তিনি যেখানেই গেছেন, বুঝতে পেরেছেন বেশ কয়েকজন অচেনা মানুষ তাকে অনুসরণ করছে। বিষয়টি পুলিশকে জানানো হয়েছে বলেও জানিয়েছেন তিনি।
ডেকান হেরাল্ড বলছে, পুলিশ বিষয়টিকে গুরুত্ব সহকারে নিয়েছে। কারণ অজ্ঞাত ব্যক্তিরা নবীন জিন্দালের বাড়ির পাশে অবস্থান ও ঘোরাঘুরি করছে বলে সোশ্যাল মিডিয়ায় খবর ছড়িয়েছে বলে শোনা যাচ্ছে।












