আমেরিকা ও ইরানের মধ্যে সম্ভাব্য চুক্তি নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে ছড়ানো গুঞ্জন জোরালোভাবে অস্বীকার করেছে তেহরান।
আগামী রোববার (১৪ জুন) সুইজারল্যান্ডের জেনেভায় দুই দেশের মধ্যে একটি চুক্তি সই হতে যাচ্ছে বলে বিভিন্ন মহলে আলোচনা শুরু হয়েছিল। তবে ইরানের পরমাণু আলোচনা দলের ঘনিষ্ঠ একটি নির্ভরযোগ্য সূত্র এ খবরকে সম্পূর্ণ ভিত্তিহীন ও অসত্য বলে জানিয়েছে।
সম্প্রতি আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং কয়েকটি প্রভাবশালী আন্তর্জাতিক সংবাদমাধ্যম দাবি করে, সংশ্লিষ্ট পক্ষগুলোর মধ্যে আলোচনা চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। রোববার জেনেভায় আনুষ্ঠানিকভাবে চুক্তি সই হতে পারে বলেও তারা দাবি করে।
তবে ট্রাম্পের বক্তব্য ও বিদেশি গণমাধ্যমের জল্পনা সরাসরি নাকচ করে ইরানি সূত্রটি ফার্স নিউজকে জানায়, চুক্তি চূড়ান্ত হয়ে গেছে এবং রোববার তা সই হতে যাচ্ছে বলে যে দাবি করা হচ্ছে, তা সম্পূর্ণ মিথ্যা প্রোপাগান্ডা।
সূত্রটি আরও জানায়, যেকোনো আন্তর্জাতিক চুক্তিতে পৌঁছানোর আগে ইরানের নিজস্ব অভ্যন্তরীণ পর্যালোচনা ও আইনি প্রক্রিয়া রয়েছে। প্রস্তাবিত চুক্তির খসড়া নিয়ে তেহরানের উচ্চপর্যায়ের নীতিনির্ধারকদের মধ্যে পর্যালোচনা ও চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়া এখনো শেষ হয়নি।
তাই দেশের ভেতরের আনুষ্ঠানিক প্রক্রিয়া সম্পন্ন হওয়ার আগে বাইরে কোনো চুক্তি সইয়ের প্রশ্নই ওঠে না বলে জানায় সূত্রটি।
বিশ্লেষকদের মতে, ইরানের এই অবস্থান স্পষ্ট করে যে চুক্তির টেবিলে নিজেদের স্বার্থ নিশ্চিত না হওয়া পর্যন্ত তেহরান কোনো তাড়াহুড়ো করতে রাজি নয়। ফলে রোববার জেনেভায় কোনো চুক্তি সই হওয়ার সম্ভাবনা এখন অনেকটাই ক্ষীণ। চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাতে আলোচনা আরও দীর্ঘায়িত হতে পারে।
সূত্র: আল-জাজিরা।











