শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষ আজ (মঙ্গলবার) বিমানবন্দর দিয়ে দেশ ছেড়ে পালাতে ব্যর্থ হয়েছেন।
তিনি বিমানবন্দরে গিয়েছিলেন। কিন্তু দেশটির অভিবাসন কর্মকর্তাদের বাধায় তিনি বিদেশ যেতে পারেননি।
গোতাবায়া রাজাপক্ষে দেশছাড়ার জন্য সোমবার কলম্বো বিমানবন্দরে গিয়ে অভিবাসন কর্তৃপক্ষের সঙ্গে অবমাননাকর পরিস্থিতির সম্মুখীন হন। এর পরে তিনি দ্বীপটি থেকে পালানোর জন্য নৌবাহিনীর টহল নৌযান ব্যবহার করার কথা পর্যন্ত ভেবেছিলেন। এএফপির অফিসিয়াল সূত্র একথা জানিয়েছে।
প্রেসিডেন্ট হিসেবে গোতাবায়া গ্রেপ্তার হওয়া থেকে সুরক্ষার অধিকারী। তার আশঙ্কা পদত্যাগের পর আটক হতে পারেন।
গোতাবায়া রাজাপক্ষ ক্ষমতার শান্তিপূর্ণ হস্তান্তর সুগম করতে বুধবার পদত্যাগ করবেন বলে প্রতিশ্রুতি দিয়েছেন। দেশের স্বাধীনতার পর থেকে সবচেয়ে খারাপ অর্থনৈতিক সংকট নিয়ে তার বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভের পর গোতাবায়া কলম্বোর সরকারি বাসভবন থেকে পালিয়ে যান। এরপর তিনি দুবাই যেতে চেয়েছিলেন বলে কর্মকর্তারা জানিয়েছেন।
কিন্তু অভিবাসন কর্মকর্তারা গোতাবায়ার পাসপোর্টে সিল মারার জন্য ভিআইপি স্যুটে যেতে অস্বীকার করেন। প্রেসিডেন্ট তাদের চাপ দিয়ে বলেছিলেন, তিনি অন্যান্য বিমানবন্দর ব্যবহারকারীর কাছ থেকে প্রতিশোধের আশঙ্কায় সবার জন্য অভিন্ন ব্যবস্থার মধ্য দিয়ে যাবেন না।
প্রেসিডেন্ট এবং তার স্ত্রী সংযুক্ত আরব আমিরাতমুখী চারটি ফ্লাইট ধরতে ব্যর্থ হওয়ার পরে বন্দরনায়েকে আন্তর্জাতিক বিমানবন্দরের পাশে একটি সামরিক ঘাঁটিতে রাত কাটিয়েছেন।
এদিকে, গোতাবায়ার ছোট ভাই ও দেশটির সাবেক অর্থমন্ত্রী বাসিল রাজাপাকসে গোপনে দেশ ছেড়ে পালানোর চেষ্টা করেন। কিন্তু দেশটির সরকারবিরোধী বিক্ষোভকারীদের বাধার কারণে তার সেই চেষ্টা ভণ্ডুল হয়েছে।












