৭৭৯ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনে সক্ষম ৫টি বিদ্যুৎকেন্দ্র উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
রবিবার (১২ সেপ্টেম্বর) সকাল ১০টায় গণভবন থেকে ভিডিওকনফারেন্সের মাধ্যমে এই বিদ্যুৎকেন্দ্রগুলো উদ্বোধন করেন তিনি।
বিদ্যুৎকেন্দ্র ৫টি হলো হবিগঞ্জের জুলদায় বিবিয়ানা-৩ ৪০০ মেগাওয়াট কম্বাইন্ড সাইকেল বিদ্যুৎকেন্দ্র, চট্টগ্রাম ১০০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্র ইউনিট-২, নারায়ণগঞ্জে মেঘনাঘাট ১০৪ মেগাওয়াট পাওয়ার প্লান্ট, বাগেরহাটে মধুমতি ১০০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্র এবং সিলেটের ১৫০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্র থেকে ১৫০ মেগাওয়াট কম্বাইন্ড সাইকেল বিদ্যুৎ কেন্দ্রে উত্তরণ।
গতকাল বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেন, বর্তমানে বিদ্যুৎ উৎপাদন ২৫ হাজার ২৩৫ মেগাওয়াটে পৌঁছেছে- যা ২০০৯ সালে ছিল ৪ হাজার ৯৪২ মেগাওয়াট।
তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাহসী ও গতিশীল নেতৃত্বে আমরা ৯৯.৫ শতাংশ জনগণকে বিদ্যুতের আওতায় এনেছি। আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকার গত ১২ বছরে বিদ্যুৎ খাতে অসামান্য সাফল্য অর্জন করেছে।










