মঙ্গলবার | ২০ জানুয়ারি | ২০২৬
spot_img

বিজেপি মিথ্যাচারে বিশ্বে প্রথম স্থানে আছে: পশ্চিমবঙ্গের পরিবহণ মন্ত্রী ফিরহাদ হাকিম

ভারতের পশ্চিমবঙ্গের পরিবহণ মন্ত্রী ও কলকাতা পৌড়সভার মেয়র ফিরহাদ হাকিম বলেছেন, বিজেপি মিথ্যাচারে বিশ্বে এক নম্বরে আছে। এর আগে অনেকরকম দাঙ্গার ছবি থেকে আরম্ভ করে বিভিন্ন ছবি দিয়ে নিজেদের ভুল তথ্য পরিবেশন করে মানুষকে বিভ্রান্ত করেছে।

রোববার (১২ সেপ্টেম্বর) কলকাতায় গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন।

উত্তর প্রদেশে আসন্ন বিধানসভা নির্বাচনের মুখে উগ্র হিন্দুত্ববাদী বিজেপির ওই রাজ্য সরকারের উন্নয়নের বিজ্ঞাপনে পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতার একটি উড়ালপুলের ছবিকে কেন্দ্র করে বিতর্ক সৃষ্টি হয়েছে। গণমাধ্যমে দেওয়া বিজ্ঞাপনে বিজেপির মুখ্যমন্ত্রী যোগি আদিত্যনাথের পায়ের কাছে তুলে ধরা হয়েছে কলকাতার উড়ালপুলের ছবি। সঙ্গে লেখা, ‘ট্রান্সফরমিং উত্তরপ্রদেশ আন্ডার যোগি আদিত্যনাথ ‘ অর্থাৎ যোগির নেতৃত্বে কীভাবে বদলে গিয়েছে উত্তরপ্রদেশ, তারই ব্যাখ্যা রয়েছে ওই বিজ্ঞাপনে।

এভাবে ভুল তথ্য দেওয়ার অভিযোগে তৃণমূল নেতা ও রাজ্যের পরিবহণ মন্ত্রী ফিরহাদ হাকিম বলেন, উড়ালপুল কোলকাতা ও বাংলার একটা গর্ব। যেটা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে হয়েছে। সেই উড়ালপুলকে দেখে যদি যোগি প্রণাম করে বলতেন, মমতা বন্দ্যোপাধ্যায় যে কাজ করেছেন, সেই কাজকে আমরা অনুসরণ করব, তাহলে আমরা বুঝতাম যে, ডবল ইঞ্জিনের (কেন্দ্র ও রাজ্যে বিজেপি সরকার) বুদ্ধি ফিরেছে, তারা কাজ করতে চায়। কিন্তু যেভাবে মিথ্যা প্রচার করছে, উড়ালপুল ওনার। সারা উত্তর প্রদেশে যে অন্যায় হচ্ছে, অত্যাচার হচ্ছে, উন্নয়ন বন্ধ হয়ে গেছে, সেটা কার? তাই এই যে বিজেপি’র মিথ্যাচার, যোগির মিথ্যাচার এটা আবার মানুষের সামনে প্রকাশ হয়ে পড়ল।

তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ওই বিজ্ঞাপনের ছবি প্রকাশ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক বার্তায় বলেন, বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যে উন্নয়ন হয়েছে সেই ছবি চুরি করে যোগি নিজের রাজ্যের উন্নয়নের কথা বলছেন। দেখে মনে হচ্ছে বিজেপি’র সবথেকে শক্তিশালী রাজ্যে ‘ডবল ইঞ্জিন’ মডেল মুখ থুবড়ে পড়েছে। এখন সব কিছু বাইরে আসছে।

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ