আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, ভারত বাংলাদেশ মৈত্রী রক্তের অক্ষরে রক্তের বন্ধনে আবদ্ধ এবং প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে এ বন্ধন আরও দৃঢ় হয়েছে।
সোমবার (১২ সেপ্টেম্বর) সকালে সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রীর দপ্তরে ভারতের বিদায়ী হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামীর সাক্ষাৎ শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
হাছান মাহমুদ বলেন, গত সপ্তাহে প্রধানমন্ত্রী অত্যন্ত সফল একটি ভারত সফর করেছেন এবং এ সফরে অনেকগুলো অর্জন আছে যেমন, কুশিয়ারা নদীর পানি আমাদের পক্ষে বন্টন, ভারতের স্থলভাগের ওপর দিয়ে তৃতীয় দেশের সাথে বাংলাদেশের আমদানি-রপ্তানি সুবিধা যার জন্য আমরা বহুদিন ধরে চেষ্টা করছিলাম, আলাপ আলোচনার মধ্যেই ছিলাম, সেটি এ সফরে সুরাহা হয়েছে, এটি একটি বড় অর্জন।
তিনি বলেন, দোরাইস্বামী অত্যন্ত কর্মদক্ষ হাইকমিশনার তার কর্মকালে ভারত-বাংলাদেশ মৈত্রীবন্ধন আরো মজবুত হয়েছে। আমি তার উত্তরোত্তর সাফল্য কামনা করি।










