নিরাপদ সমুদ্রপথ, সচল সরবরাহ ব্যবস্থা ও নাবিকদের নিরাপত্তা নিশ্চিত না হলে বৈশ্বিক বাণিজ্যের অগ্রগতি সম্ভব নয় বলে জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। নৌ চলাচলের স্বাধীনতা ও নাবিকদের নিরাপত্তা নিশ্চিত করার ওপর গুরুত্ব দিয়েছেন তিনি।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) নয়াদিল্লির ভারত মণ্ডপমে ব্রিকস বিজনেস ফোরামের নেতৃপর্যায়ের অধিবেশনে বক্তব্য দেওয়ার সময় তিনি এসব কথা বলেন।
মোদি বলেন, ভারত সবসময় নৌ চলাচলের স্বাধীনতা এবং নাবিকদের নিরাপত্তার পক্ষে দৃঢ় অবস্থান নিয়ে আসছে। নিরাপদ সমুদ্রপথ ও সচল সরবরাহ ব্যবস্থা নিশ্চিত করা বৈশ্বিক বাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
তিনি বলেন, বর্তমানে ব্রিকস দেশগুলো বিশ্বের প্রায় ৫০ শতাংশ মানুষের প্রতিনিধিত্ব করে। বৈশ্বিক জিডিপির ৪০ শতাংশ এবং বিশ্ব বাণিজ্যের ২৫ শতাংশের বেশি ব্রিকস দেশগুলোর প্রতিনিধিত্ব করে।
মোদি বলেন, গত দুই দশকে বৈশ্বিক জিডিপি প্রায় আড়াই গুণ বাড়লেও ব্রিকস দেশগুলোর সম্মিলিত জিডিপি বেড়েছে প্রায় সাড়ে চার গুণ। ফলে বৈশ্বিক অর্থনীতির তুলনায় ব্রিকসের অর্থনৈতিক শক্তি প্রায় দ্বিগুণ গতিতে বেড়েছে বলে উল্লেখ করেন তিনি।
তিনি আরও বলেন, ব্রিকস দেশগুলো বৈশ্বিক উদ্ভাবন ও নতুন প্রযুক্তির গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে উঠে আসছে। দেশগুলোতে প্রাথমিক পর্যায়ের উদ্যোগ থেকে শুরু করে অত্যাধুনিক প্রযুক্তি পর্যন্ত নতুন নতুন উদ্ভাবনের সম্ভাবনা তৈরি হচ্ছে বলেও জানান তিনি।
মোদি বলেন, বিশ্বজুড়ে বাণিজ্যিক বাধা বাড়লেও ভারত অর্থনৈতিক যোগাযোগ বাড়াতে কাজ করছে। ২০১৪ সালের পর থেকে প্রায় ৪০টি দেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি করেছে ভারত। বাণিজ্যিক বাধা কমিয়ে ব্যবসার সুযোগ বাড়ানোর ওপরও গুরুত্ব দেন তিনি।
সূত্র : ভারতের প্রধানমন্ত্রীর কার্যালয়, দ্য প্রিন্ট, হিন্দুস্তান টাইমস












