ভাসানচরে কাজ করার জন্য বাংলাদেশ সরকারের সঙ্গে জাতিসংঘের চুক্তি হওয়ায় কক্সবাজারস্থ উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে আনন্দ মিছিল করেছে সাধারণ রোহিঙ্গারা। মিছিল শেষে তারা নিজেদের মাঝে মিস্টি বিতরণ করেন।
মঙ্গলবার (১২ অক্টোবর) সকাল ১০টায় এ মিছিল বের করেন তারা।
জানা যায়, কক্সবাজারের উখিয়া উপজেলার কুতুপালং ক্যাম্প-২ ইস্টে ও কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প-১৭-তে সাধারণ রোহিঙ্গারা ব্যানার, প্ল্যাকার্ড হাতে নিয়ে আনন্দ মিছিল বের করেন। এসময় কয়েক শত রোহিঙ্গা উপস্থিত হয়ে বাংলাদেশ সরকারের প্রতি কৃতজ্ঞতা এবং ইউএনএইচসিআরকে স্বাগত জানিয়ে বিভিন্ন স্লোগান দেয়।
তারা বলেন, ভাসানচরে ইউএনএইচসিআর যুক্ত হওয়াতে সেখানে রোহিঙ্গাদের জন্য সুযোগ-সুবিধা বৃদ্ধি পাবে, যার ফলে ভাসানচরে অবস্থানরত আত্মীয়-স্বজন আরো সুখে-শান্তিতে বসবাস করতে পারবে।











