ভারতের উত্তর প্রদেশের সাবেক মুখ্যমন্ত্রী ও সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব বলেছেন, রাজ্যে বিজেপি ক্ষমতা হারাতে চলেছে। আমরা জনগণের মধ্যে বিজয়রথ যাত্রার মধ্য দিয়ে যাচ্ছি যাতে বিজেপি উত্তরপ্রদেশ থেকে নির্মূল হয়ে যায়।
মঙ্গলবার (১২ অক্টোবর) দলীয় এক কর্মসূচিতে তিনি এসব কথা বলেন।
বিজেপিকে টার্গেট করে অখিলেশ যাদব বলেন, বিজেপি গঙ্গা ‘মায়ের’ সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে, যেখানে গঙ্গা পরিষ্কার হওয়ার ছিল কিন্তু তা আজও আগের মতোই অপরিচ্ছন্ন অবস্থায় রয়েছে। কানপুর একটি বড় শহর। এখানে ব্যবসা আছে, চাকরি আছে। কানপুরের মানুষ তাদের ধ্বংসযজ্ঞ দেখেছে। সমাজবাদী পার্টির পক্ষ থেকে মানুষের কাছ থেকে ধারাবাহিকভাবে আশীর্বাদ চাইতে এই বিজয়রথ চলবে।
এদিকে গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাতকারে তিনি বলেন, এই যাত্রার উদ্দেশ্য হলো রাজ্য থেকে বিজেপি সরকারকে নিশ্চিহ্ন করা এবং লখিমপুর খেরিতে যেভাবে আইনকে চূর্ণ করা হয়েছে, কৃষকদের পিষ্ট করা হয়েছে, সংবিধানকে উড়িয়ে দেওয়া হয়েছে তাতে জনসাধারণ বিজেপির প্রতি খুব ক্ষুব্ধ।













