বিশ্বজুড়ে অন্যায় ও নিপীড়নের শিকার মানুষের পাশে তুরস্ক থাকবে বলে জানিয়েছেন দেশটির যোগাযোগবিষয়ক পরিচালক বুরহানুদ্দীন দুরান। একই সঙ্গে ন্যায়ভিত্তিক বিশ্ব প্রতিষ্ঠার লক্ষ্যে কূটনীতির মাধ্যমে পাওয়া সব সুযোগ কাজে লাগাবে তুরস্ক।
সোমবার (২১ সেপ্টেম্বর) আন্তর্জাতিক শান্তি দিবস উপলক্ষে দেওয়া এক বার্তায় তিনি এ কথা বলেন।
বুরহানুদ্দীন দুরান বলেন, এই দিনটি সবার আগে গাজ্জার পরিস্থিতির কথা স্মরণ করিয়ে দেয়।
দুরান বলেন, গাজ্জায় যখন মানবতার সবচেয়ে মৌলিক মূল্যবোধগুলো কঠিন পরীক্ষার মুখে পড়েছে, তখন শিশু, নারী ও নিরপরাধ বেসামরিক মানুষ যে দুর্ভোগের মধ্য দিয়ে যাচ্ছে তার মুখে মানবজাতির অভিন্ন দায়িত্ব হলো ন্যায়বিচার, বিবেক ও শান্তির পক্ষে দাঁড়ানো।
তিনি জোর দিয়ে বলেন, নিপীড়িত মানুষের কণ্ঠস্বর শোনা, অন্য সব বিবেচনার ঊর্ধ্বে মানবজীবনকে স্থান দেওয়া এবং সবার জন্য ন্যায়বিচার রক্ষা করা আরও বাসযোগ্য একটি বিশ্ব গড়ে তোলার জন্য অপরিহার্য।
তিনি আরও বলেন, “আমাদের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগানের নেতৃত্বে তুরস্ক বিশ্বের যেখানেই অন্যায় ও নিপীড়নের শিকার মানুষ থাকুক না কেন তাদের পাশে দাঁড়ানো অব্যাহত রাখবে। কূটনীতির মাধ্যমে পাওয়া সুযোগগুলোর সর্বোচ্চ ব্যবহার করবে এবং আরও ন্যায়ভিত্তিক বিশ্বের জন্য কাজ করবে।”
দুরান বলেন, আমাদের আশা এমন একটি বিশ্বের জন্য যেখানে বন্দুকের গর্জন থেমে যাবে, আইন ও বিবেকের জয় হবে এবং কোনো শিশুকে যুদ্ধ, নিপীড়ন কিংবা গণহত্যার ছায়ায় বেড়ে উঠতে বাধ্য করা হবে না।
সূত্র : আনাদোলু এজেন্সি











