মাদারীপুরের কালকিনিতে মাছবাজার গোলচত্বরে বিএনপি ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় শতাধিক হাতবোমা ও ককটেল বিস্ফোরণের ঘটনায় পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। বিকট বিস্ফোরণের শব্দে কেঁপে ওঠে আশপাশের এলাকা।
শুক্রবার (২৭ নভেম্বর) রাত ৯টা থেকে ১১টা পর্যন্ত দফায় দফায় উপজেলার মাছবাজার এলাকার গোলচত্বরে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে মাছবাজার গোলচত্বর এলাকায় আওয়ামী লীগ ও বিএনপির নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা দেখা দেয়। একপর্যায়ে যুবদল নেতা শামীম বেপারী ও হাসান মাতুব্বরের নেতৃত্বে বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীদের সঙ্গে আওয়ামী লীগের নেতাকর্মীদের মুখোমুখি অবস্থান তৈরি হয়। পরে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া শুরু হয়। এ সময় একের পর এক হাতবোমা ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।
এ ঘটনায় আওয়ামী লীগের পক্ষে তৌফিকুজ্জামান শাহীন, লোকমান সরদার, এমদাদুল সরদার, সোহেল রানা মিঠু, বাকামিন, শাহিন, সাহাবুদ্দিন ফকির ও শাহজালালসহ বেশ কয়েকজন নেতাকর্মী উপস্থিত থেকে হামলা চালান বলে অভিযোগ করেছেন বিএনপির নেতাকর্মীরা।
বিএনপির নেতাকর্মীদের অভিযোগ, পুলিশের উপস্থিতিতেই কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল ও সংঘবদ্ধ হওয়ার সুযোগ পাচ্ছেন। এতে এলাকায় নতুন করে উত্তেজনা ও সহিংসতার আশঙ্কা তৈরি হচ্ছে।
নাম প্রকাশে অনিচ্ছুক বিএনপির একাধিক নেতা বলেন, ‘পুলিশের সামনে কীভাবে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল করেন এবং আমাদের নেতাকর্মীদের সঙ্গে সংঘর্ষে জড়ান, তা আমাদের বোধগম্য নয়। যারা বোমাবাজি ও বিশৃঙ্খলা সৃষ্টি করছেন, তাঁদের পরিচয় শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনতে হবে।’
তাঁদের দাবি, রাজনৈতিক কর্মসূচির নামে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি এবং জননিরাপত্তা বিঘ্নিত করার কোনো সুযোগ দেওয়া উচিত নয়। ঘটনার সুষ্ঠু তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান তাঁরা।
এদিকে এ ঘটনা নিয়ে স্থানীয়দের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। রাতের বেলায় এমন বিস্ফোরণ ও সংঘর্ষে সাধারণ মানুষ, ব্যবসায়ী এবং পথচারীদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে। রাজনৈতিক বিরোধের জেরে জনজীবন যেন বিপর্যস্ত না হয়, সে জন্য প্রশাসনের কার্যকর পদক্ষেপ দাবি করেছেন স্থানীয়রা।
ঘটনার খবর পেয়ে পুলিশ ও প্রশাসনের অন্যান্য সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোলায়মান মাহমুদ বলেন, ‘ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটলেও বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।’











