spot_img
spot_img

মক্কা প্রতিরক্ষা চুক্তিতে তুরস্কের অনুমোদন সম্পন্ন করলেন এরদোগান

পাকিস্তান ও সৌদি আরবের সঙ্গে মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তিতে আনুষ্ঠানিক অনুমোদন দিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান। এর মধ্য দিয়ে চুক্তিটির অনুমোদন প্রক্রিয়া সম্পন্ন করেছে তুরস্ক।

শুক্রবার (২৮ নভেম্বর) তুরস্কের সরকারি গেজেটে এরদোগানের অনুমোদনের বিষয়টি প্রকাশ করা হয়। এর আগে চলতি মাসের ৫ নভেম্বর তুরস্কের পার্লামেন্ট চুক্তিটি অনুমোদন করেছিল।

ইরানের বিরুদ্ধে আমেরিকা-ইসরাইলের ক্রমবর্ধমান আগ্রাসী যুদ্ধ নিয়ে উদ্বেগের মধ্যে গত আগস্টে মক্কায় পাকিস্তান, সৌদি আরব ও তুরস্ক যৌথ প্রতিরক্ষা চুক্তিতে স্বাক্ষর করে। চুক্তি অনুযায়ী শুক্রবার ও শনিবার পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে তিন দেশের বৈঠক হওয়ার কথা রয়েছে।

পার্লামেন্টে চুক্তি অনুমোদনের ফলে ইয়েমেনে ইরান সমর্থিত হুথি বাহিনীর সৌদি আরবের ওপর হামলার প্রেক্ষাপটে রিয়াদকে সামরিক সহায়তা পাঠানোর পথ খুলেছে আঙ্কারার। চুক্তিতে বলা হয়েছে, কোনো এক পক্ষের ওপর হামলাকে সব পক্ষের ওপর হামলা হিসেবে বিবেচনা করা হবে।

গত মাসে রয়টার্সকে তুরস্কের ক্ষমতাসীন দলের এক সংসদ সদস্য জানিয়েছিলেন, চুক্তির আওতায় সৌদি আরবে সামরিক সদস্য মোতায়েনের অনুমতি পেতে তুরস্ক পার্লামেন্টে একটি প্রস্তাবও উত্থাপন করবে।

তুরস্কের সামরিক বাহিনী ন্যাটোর দ্বিতীয় বৃহত্তম। সৌদি আরব ইসলামের পবিত্রতম স্থানগুলোর আবাসস্থল এবং বিশ্বের অন্যতম শীর্ষ তেল রপ্তানিকারক দেশ। অন্যদিকে পাকিস্তান বিশ্বের একমাত্র পারমাণবিক অস্ত্রধারী মুসলিম দেশ।

সূত্র: রয়টার্স

spot_img
spot_img
spot_img

সর্বশেষ