গ্যাস সংকট মোকাবিলায় সিএনজি স্টেশনগুলো আরও দুই ঘণ্টা বন্ধ রাখতে চায় সরকার। গতকাল মঙ্গলবার (১১ অক্টোবর) সিএনজি স্টেশন মালিকদের সঙ্গে রাষ্ট্রায়ত্ত তেল-গ্যাস কোম্পানি পেট্রোবাংলার একটি বৈঠকও হয়েছে। তবে, কবে থেকে এবং কখন সরবরাহ বন্ধ থাকবে, এ বিষয়ে সিদ্ধান্ত জানানো হয়নি।
তবে আরও দুই ঘণ্টা সিএনজি স্টেশন বন্ধ রাখার সরকারি সিদ্ধান্তের সঙ্গে স্টেশন মালিকরা একমত নন বলে জানা গেছে।
বৈঠকে উপস্থিত থাকা সিএনজি ওনার্স অ্যাসোসিয়েশনের সেক্রেটারি ফারহান নূর জানান, সিএনজি স্টেশনগুলো বর্তমানে মোট সরবরাহ করা গ্যাসের মাত্র তিন শতাংশ ব্যবহার করে, কিন্তু দাম দেয় সর্বোচ্চ। এই অল্প গ্যাসে রেশনিং বাড়িয়ে খুব বেশি লাভ হবে না। বরং, গাড়িতে তেল ব্যবহারের পরিমাণ বাড়বে যা দেশের পরিবেশ ও অর্থনীতির জন্য ক্ষতিকর।











