সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর বন্ধ থাকায় আগামী ২১ অক্টোবর পর্যন্ত ঢাকা-রিয়াদ-ঢাকা রুটের সব ফ্লাইট স্থগিত করেছে ইউএস-বাংলা এয়ারলাইন্স।
সোমবার (১২ অক্টোবর) সকালে নিজেদের যাচাইকৃত সামাজিক যোগাযোগমাধ্যম পেজে দেওয়া বার্তায় বিষয়টি জানিয়েছে প্রতিষ্ঠানটি।
ইউএস-বাংলা জানায়, রিয়াদ বিমানবন্দর বন্ধ থাকার কারণে আগামী ২১ অক্টোবর পর্যন্ত তাদের বিএস৩৮১ ও বিএস৩৮২, ঢাকা-রিয়াদ-ঢাকা রুটের সব ফ্লাইট বাতিল করা হয়েছে। নতুন সময়সূচি নির্ধারিত হলে সংশ্লিষ্ট যাত্রীদের জানিয়ে দেওয়া হবে।
এ ছাড়া আপাতত যাত্রীদের বিমানবন্দরে না যেতে এবং ফ্লাইটের সর্বশেষ অবস্থা, পুনরায় টিকিট বুকিং ও অন্যান্য তথ্য জানতে বিমানবন্দরে যাওয়ার আগে সংশ্লিষ্ট বিক্রয়কেন্দ্র অথবা ভ্রমণ সংস্থার সঙ্গে যোগাযোগ করতে অনুরোধ করেছে ইউএস-বাংলা।
এদিকে রিয়াদ বিমানবন্দরের কার্যক্রম বন্ধ থাকায় বাংলাদেশ থেকে রিয়াদগামী মোট ১০টি ফ্লাইট বাতিল হয়েছে। এতে ৩ হাজার ৪৩১ জন যাত্রী ভোগান্তিতে পড়েছেন বলে জানিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ। বাতিল হওয়া ফ্লাইটের মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের দুটি, ইউএস-বাংলা এয়ারলাইন্সের দুটি, সৌদিয়ার তিনটি এবং রিয়াদ এয়ারের তিনটি ফ্লাইট রয়েছে।
এর আগে রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার ঘটনায় বিমান চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে যায়। ১১ অক্টোবর পর্যন্ত ঢাকা-রিয়াদ রুটে আটটি ফ্লাইটের কার্যক্রম ব্যাহত হওয়ার তথ্য জানিয়েছিল বাংলাদেশ সংবাদ সংস্থা। এসব ফ্লাইটের ২ হাজার ৯৫১ জন যাত্রী ক্ষতিগ্রস্ত হন।
পরিস্থিতির কারণে সৌদি আরবের রিয়াদগামী যাত্রীদের মধ্যে অনিশ্চয়তা তৈরি হয়েছে। বিমানবন্দর পুনরায় চালু হওয়ার পর পরিস্থিতি স্বাভাবিক হলে সংশ্লিষ্ট এয়ারলাইন্সগুলো পরবর্তী সময়সূচি জানাবে।











