দখলদার অবৈধ রাষ্ট্র ইসরাইলের বিমান হামলায় শহীদ হয়েছেন ২০ বছর বয়সী ফিলিস্তিনি ফুটবলার মাহমুদ কামাল ফারেস আবদেল-মালেক। তিনি গাজ্জা স্পোর্টস ক্লাবের অধিনায়ক ও গোলরক্ষক ছিলেন। তাঁর মৃত্যুর মধ্য দিয়ে গাজ্জায় নিহত ফিলিস্তিনি ক্রীড়াবিদ ও ক্রীড়াসংশ্লিষ্ট ব্যক্তির সংখ্যা ১ হাজার ১৭ জনে পৌঁছেছে বলে জানিয়েছে ফিলিস্তিন ফুটবল অ্যাসোসিয়েশন।
মঙ্গলবার (১০ নভেম্বর) গাজ্জা সিটির দক্ষিণাঞ্চলীয় সাবরা এলাকায় ইসরাইলি বিমান হামলায় নিহত হন আবদেল-মালেক।
ফিলিস্তিন ফুটবল অ্যাসোসিয়েশন তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে। ক্লাবটির সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত শোকবার্তায় তাঁকে ক্লাবের কিংবদন্তি ও মূল দলের গোলরক্ষক হিসেবে উল্লেখ করে গভীর শ্রদ্ধা জানানো হয়েছে।
ফিলিস্তিন ফুটবল অ্যাসোসিয়েশনের পরিসংখ্যান অনুযায়ী, গাজ্জায় ইসরাইলের সামরিক অভিযানে নিহত ক্রীড়াবিদ ও ক্রীড়াসংশ্লিষ্ট ব্যক্তির সংখ্যা বেড়ে ১ হাজার ১৭ জনে দাঁড়িয়েছে। মৃত্যুর মাত্র পাঁচ দিন আগে আবদেল-মালেক গাজ্জায় নিহত এক হাজারের বেশি ক্রীড়াবিদ ও ক্রীড়া কর্মকর্তার স্মরণে আয়োজিত ‘হাজার শহীদের কাপ’ প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন। গত ৫ নভেম্বর গাজ্জা ও উত্তর গাজ্জা বিভাগের ফাইনাল অনুষ্ঠিত হয়। ওই ম্যাচে তাঁর দল গাজ্জা স্পোর্টস ক্লাব রানার্সআপ হয়।
এর কয়েক দিন আগে, শুক্রবার (৬ নভেম্বর) খান ইউনিসের আল-মাওয়াসি এলাকায় বন্ধুদের সঙ্গে ফুটবল খেলার সময় ইসরাইলি বাহিনীর গুলিতে নিহত হয় ১৫ বছর বয়সী কিশোর মোহাম্মদ নিদাল বারবাখ। ফিলিস্তিনের সরকারি বার্তা সংস্থা ওয়াফা জানিয়েছে।
ফিলিস্তিন স্পোর্টস মিডিয়া ফেডারেশনের মহাসচিব মুস্তফা সিয়াম জানিয়েছেন, ইসরাইলি হামলায় গাজ্জার ক্রীড়া অবকাঠামো ব্যাপকভাবে ধ্বংস হয়েছে। গাজ্জার ৫৬টি ক্রীড়া ক্লাবের মধ্যে ৫০টিরও বেশি ধ্বংস করে দেওয়া হয়েছে।
সূত্র: আল জাজিরা, আনাদোলু, ওয়াফা











