দখলদার অবৈধ রাষ্ট্র ইসরাইলের দক্ষিণাঞ্চলীয় ইলাত এলাকায় ৪ দশমিক ৫ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। বুধবার (১১ নভেম্বর) সকালে ভূমিকম্পের পর সতর্কতামূলক সংকেত জারি করা হয়। নিরাপত্তার কারণে সাময়িকভাবে বন্ধ রাখা হয় রামন বিমানবন্দর। এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
ইসরাইলের ভূতাত্ত্বিক জরিপ সংস্থার প্রাথমিক তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল মিসরের সিনাই উপদ্বীপের তাবা এলাকায়, ইলাত থেকে প্রায় ৩০ কিলোমিটার দক্ষিণে। ভূমিকম্পটির কেন্দ্র ছিল ভূপৃষ্ঠের প্রায় ৮ কিলোমিটার গভীরে।
ভূমিকম্পের পর ইলাত ও আশপাশের আরাভা অঞ্চলের শহরগুলোতে সতর্কতামূলক সংকেত বেজে ওঠে। এ সময় ইসরাইলের হোম ফ্রন্ট কমান্ড বাসিন্দাদের বিভিন্ন স্থাপনা থেকে দূরে নিরাপদ খোলা জায়গায় অবস্থান নেওয়ার নির্দেশ দেয়।
কম্পনের পরপরই রামন বিমানবন্দরের কার্যক্রম সাময়িকভাবে বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। নিরাপত্তা নিশ্চিত করতে বিমানবন্দরের স্থাপনা ও অবকাঠামো পরীক্ষা-নিরীক্ষার জন্য এ সিদ্ধান্ত নেওয়া হয়। ভূমিকম্পে বিমানবন্দরের কয়েকটি জানালার কাচ ভেঙে সামান্য ক্ষয়ক্ষতি হয়েছে বলে স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে জানানো হয়েছে।
পরে এক বিবৃতিতে বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, পরীক্ষা-নিরীক্ষা ও অবকাঠামো পরিদর্শন শেষ হয়েছে। এরপর রামন বিমানবন্দরে আবারও পূর্ণাঙ্গ কার্যক্রম শুরু হয়েছে।
সূত্র: টাইমস অব ইসরাইল, রয়টার্স, জেরুজালেম পোস্ট।











