আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ বলেছেন, জনবিচ্ছিন্ন বিএনপি অংশ না নিলেও কমিশন গঠন ও নির্বাচন প্রক্রিয়া কোনোটাই বন্ধ হবে না। নীতি আদর্শহীন বিএনপি নিজের স্বার্থে সকালে এক বিকেলে আরেক কথা বলে।
রোববার (১৩ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় কুষ্টিয়া শহরে ট্রমা সেন্টার অ্যান্ড স্পেশালাইজড হাসপাতাল উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।
বিএনপি ছাড়া আরেকটি প্রশ্নবিদ্ধ নির্বাচন হতে যাচ্ছে কি না? এমন প্রশ্নের জবাবে মাহবুব উল আলম হানিফ বলেন, বিএনপি দেশে একমাত্র রাজনৈতিক দল নয়, ছোটখাট অনেক দল রয়েছে। নির্বাচনে অংশ নেওয়া না নেওয়া তাদের নিজস্ব রাজনৈতিক ও গণতান্ত্রিক অধিকার। কোনো দল অংশ না নিলেও নির্বাচন প্রক্রিয়া বন্ধ হবে না।
তিনি বলেন, নির্বাচন কমিশন গঠনের জন্য গঠিত সার্চ কমিটি নিয়মানুযায়ী কাজ করছে। প্রায় ৩৫০ জনের নাম জমা পড়েছে। এর পরে এ নিয়ে আর কোনো রাজনৈতিক দলের কথা থাকতে পারে না।










