জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের নেতৃবৃন্দ প্রয়োজনীয় সংস্কার শেষ করে ২০২৫ সালের ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচন আয়োজনের দাবি জানিয়েছেন।
তারা বলেন, “আমরা জাতীয় নির্বাচনের আগে স্থানীয় কোনো নির্বাচন চাই না। অন্তর্বর্তী সরকারের অধীনে জাতীয় নির্বাচন এবং নির্বাচিত সরকারের অধীনে স্থানীয় নির্বাচনই দেশ ও জাতির জন্য সর্বাধিক কল্যাণকর।”
আজ (১৩ ফেব্রুয়ারি) দলের খাস কমিটির এক জরুরি বৈঠকে শীর্ষ নেতৃবৃন্দ এই দাবি জানান।
জমিয়ত নেতৃবৃন্দ বলেন, “ভারতে বসে পরাজিত শক্তির উস্কানিমূলক বক্তব্য দিয়ে বাংলাদেশের পরিস্থিতিকে ঘোলাটে করার অপচেষ্টা বন্ধ করতে হবে। এ বিষয়ে বর্তমান সরকারকে কার্যকর পদক্ষেপ নিতে হবে।”
তারা আরও বলেন, “সরকারে থাকা সম্মানিত ব্যক্তিবর্গকে ধর্মীয় অনুভূতিতে আঘাত হানে এমন আক্রমণাত্মক কথাবার্তা থেকে বিরত থাকতে হবে।”
নেতৃবৃন্দ দেশবাসীকে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়ে বলেন, “দেশের স্থিতিশীলতা রক্ষায় সবাইকে দায়িত্বশীল আচরণ করতে হবে।”
দলের সিনিয়র সহ-সভাপতি মাওলানা উবায়দুল্লাহ ফারুক-এর সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে আরও বক্তব্য রাখেন সহ-সভাপতি মাওলানা আব্দুর রব ইউসুফী, মাওলানা আব্দুল কিদ্দুস তালুকদার, মাওলানা আব্দুল কুদ্দুস কাসেমী, মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী, সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা বাহাউদ্দীন জাকারিয়া, যুগ্ম মহাসচিব মাওলানা তাফাজ্জল হক আজিজ ও সাংগঠনিক সম্পাদক মাওলানা নাজমুল হাসান কাসেমী প্রমুখ।











